Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

সেঞ্চুরির পরই ফিরলেন সাদমান, ৪২ রানে আউট হৃদয়

সেঞ্চুরির পরই ফিরলেন সাদমান, ৪২ রানে আউট হৃদয়

অনলাইন ডেস্ক: ৯৯ রানে অপরাজিত থেকে মিরপুর টেস্টের প্রথম দিন শেষ করেছিলেন ওপেনার সাদমান ইসলাম। তার ‘নার্ভাস নাইন্টি’র পাশাপাশি পুরো বাংলাদেশ দলও ‘নার্ভাস’ বলে জানিয়েছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেই রাত পেরিয়ে দ্বিতীয় দিনের শুরুতেই টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন সাদমান। তবে এরপর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি।

সেঞ্চুরি পূর্ণ করার পর আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে টেস্টের স্বাভাবিক ধৈর্য হারান সাদমান। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে এই ম্যাচ দিয়ে অভিষেক হওয়া স্পিনার জশুয়া বিশপের বলে এলবিডব্লিউ হয়ে থামে তার ইনিংস। মিডল ও অফ স্টাম্প লাইনের বলটি মিস করলে সেটি তার প্যাডে আঘাত করে।

রিভিউ নিয়েও সিদ্ধান্ত বদলাতে পারেননি সাদমান। আল্ট্রাএজে ব্যাট-বলের সংযোগ পাওয়া যায়নি এবং বলটি মিডল স্টাম্পে আঘাত করত। ২০২৫ সালের এপ্রিলের পর ১৭ ইনিংস শেষে সেঞ্চুরি পাওয়া এই ব্যাটার ২৩৪ বলে ১১ চারে ১০৫ রান করেন।

সাদমানের কিছুক্ষণ পরই ফিরে যান তাওহীদ হৃদয়। আগের দিন ক্র্যাম্পের কারণে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। দ্বিতীয় দিনে সাদমানের পর ক্রিজে এসে আর কোনো রান যোগ করতে পারেননি হৃদয়। বিশপের বলে বোল্ড হওয়ার আগে তিনি করেন ৪২ রান।

পরপর দুই উইকেট হারানোর পর বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২২১ রান। লিটন দাস ১২ রানে অপরাজিত আছেন। প্রথম দিনে আলোকস্বল্পতার কারণে একাধিকবার খেলা বন্ধ হয়েছিল এবং শেষ পর্যন্ত ৭৪ ওভার খেলা হয়। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২১৩ রান। দ্বিতীয় দিনে আরও ৮ রান যোগ করতেই দুই উইকেট হারায় স্বাগতিক দল।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram