Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

কর্মমুখী শিক্ষা ও দক্ষ জনশক্তি গড়ায় গুরুত্ব দিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রপতির আহ্বান

কর্মমুখী শিক্ষা ও দক্ষ জনশক্তি গড়ায় গুরুত্ব দিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রপতির আহ্বান

অনলাইন ডেস্ক: বিশ্বমানের কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে কাজ করতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৮ অক্টোবর) বঙ্গভবনে ইস্টার্ন ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, দেশের বেকারত্ব সমস্যা নিরসনে উচ্চশিক্ষাসহ সব স্তরে কর্মমুখী, কারিগরি ও প্রকৌশল শিক্ষায় গুরুত্ব দেওয়ার বিকল্প নেই। এআই ও অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর ওপরও তিনি জোর দেন।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ-এর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শাফায়েত মোহাম্মদ রাজু, উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী, বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার এবং বোর্ড সদস্য ও সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অন্যান্য ক্ষেত্রে অগ্রগতি এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। তারা জানায়, বিশ্ববিদ্যালয়টি ২০২৬ সালসহ জেসাপ আন্তর্জাতিক কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ রাউন্ডে চারবার চ্যাম্পিয়ন হয়েছে।

প্রতিনিধিদল আরও জানায়, মেধাবী এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, মেধার বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে বৃত্তি দিতে এ পর্যন্ত ১০০ কোটি টাকারও বেশি ব্যয় করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি।

রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং উদ্ভাবনী কার্যক্রম জোরদারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান সুদৃঢ় করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটির আসন্ন সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি অনুষ্ঠানে অংশ নেওয়ার আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram