অনলাইন ডেস্ক: ঘরের মাঠে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান। এক ম্যাচ বাকি থাকতেই টানা তিন জয়ে ফাইনালে উঠেছে স্বাগতিকরা। দলীয় সাফল্যের বিপরীতে ব্যক্তিগত পারফরম্যান্সে হতাশ করেছেন পাকিস্তানের কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে সিরিজের মাঝপথেই সাইম আইয়ুব স্কোয়াড থেকে বাদ পড়েছেন।
গত বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে হাফসেঞ্চুরি করেছিলেন এই ব্যাটিং অলরাউন্ডার। এরপর ফরম্যাটটিতে খেলা পাঁচ ওয়ানডেতে তার মোট রান ৬০, গড় ১২। চলমান ত্রিদেশীয় সিরিজের তিন ম্যাচেও দুই অঙ্কের রান করতে পারেননি সাইম; তার স্কোর ছিল ৭, ৮ ও ৬।
ইংল্যান্ড ম্যাচের আগের দিন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি সাইমকে বাদ দেওয়ার সম্ভাবনা নাকচ করেছিলেন। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, প্রধান কোচ মাইক হেসনের সঙ্গে আলোচনায় সাইম সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে নিজের সমস্যার কথা স্বীকার করেছেন। ব্যাটিং ফর্ম ও আত্মবিশ্বাস ফিরে পেতে তিনি ঘরোয়া ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করেন।
সাইমের পরিবর্তে ত্রিদেশীয় সিরিজের বাকি অংশের জন্য দলে নেওয়া হয়েছে টি-টোয়েন্টি দলের অধিনায়ক ও ছয়টি ওয়ানডে খেলা সাহিবজাদা ফারহানকে। পিসিবি জানিয়েছে, সাইমের অনুরোধকে সম্মান জানিয়ে দলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও জাতীয় নির্বাচক কমিটি তাকে ঘরোয়া ক্রিকেটে ফেরার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তানের সংশোধিত স্কোয়াড
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, সালমান আলি আগা, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটরক্ষক), হারিস রউফ, হাসান নেওয়াজ, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটরক্ষক), সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত।

