অনলাইন ডেস্ক: শেরপুরের শ্রীবরদীতে দাফনের জন্য আলাদা জায়গা না থাকায় নিজেদের বসতঘরের ভেতরেই করিম মিয়া (৭০) নামের এক বৃদ্ধকে দাফন করেছে তার পরিবার। দীর্ঘদিন পক্ষাঘাতে আক্রান্ত থাকার পর তার মৃত্যু হলে ঘরের টিনের বেড়া খুলে সেখানে কবর দেওয়া হয়। এতে পরিবারের বসবাসের ঘরটিই এখন পরিণত হয়েছে কবরস্থানে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শালমারা গ্রামের নিজেদের বসতঘরে করিম মিয়াকে দাফন করা হয়। এর আগে রোববার দুপুর ২টার দিকে তিনি মারা যান।
করিম মিয়ার বড় মেয়ে কোতুলী বেগম জানান, তার বাবা দীর্ঘদিন পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন। চিকিৎসার খরচ জোগাতে ফুফু তাদের কাছ থেকে বাবার থাকার ঘরসহ তিন শতাংশ জমি কিনেছিলেন। পরিবারের দাফনের জন্য অন্য কোনো জায়গা না থাকায় শেষ পর্যন্ত ওই ঘরেই তাকে কবর দিতে হয়েছে।
কোতুলী বেগম বলেন, তারা দুই ভাই-বোন ঢাকায় বাসাবাড়িতে কাজ করেন এবং আরেক বোন স্বামীর বাড়িতে থাকেন। বাবাকে কবর দেওয়ার মতো কোনো জায়গাজমি তাদের নেই। এলাকায় সরকারি কবরস্থান থাকলে সেখানে দাফন করা যেত বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দা মাসুদ বলেন, ওই এলাকায় কয়েক কিলোমিটারের মধ্যে কোনো সরকারি কবরস্থান নেই। শালমারা বাজারের উত্তরে সড়কের পূর্ব পাশে অনেক দরিদ্র পরিবারের নিজস্ব কবরস্থানের জায়গা নেই। ফলে তাদের বসতভিটাতেই স্বজনদের দাফন করতে হয়। এলাকায় থাকা খাসজমিতে সরকারি কবরস্থান করার দাবি জানান তিনি।
স্থানীয় নাদিম বলেন, ভবিষ্যতে যেন কাউকে দাফনের জায়গার অভাবে এমন পরিস্থিতিতে পড়তে না হয়, সে জন্য সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বসতঘরে কবর দেওয়ায় স্বজন হারানোর শোকের পাশাপাশি নতুন সংকটে পড়েছে পরিবারটি। যে ঘরে করিম মিয়া ও তার স্ত্রী বসবাস করতেন, সেই ঘরেই এখন কবর থাকায় পরিবারের মাথাগোঁজার আশ্রয় নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘরের ভেতরে কবর দেওয়ার বিষয়টি তিনি দেখেছেন। মঙ্গলবার সেখানে গিয়ে পরিস্থিতি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

