অনলাইন ডেস্ক: কিংবদন্তি সুফি সংগীতশিল্পী ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ কাওয়ালিসন্ধ্যা ‘ইশক-এ-নুসরাত’। আগামী ৭ নভেম্বর রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি এলাকার কেআইবি অডিটরিয়ামে অনুষ্ঠানটি আয়োজন করবে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস।
আয়োজকেরা জানিয়েছেন, অনুষ্ঠানে কাওয়ালি পরিবেশন করবে দেশের জনপ্রিয় কাওয়ালি ব্যান্ড ‘সুফিতান’ এবং দেশের প্রথম কাওয়ালি ব্যান্ড হিসেবে পরিচিত ‘নাফস’। পাশাপাশি ‘এইচইউ সুফি ট্রুপ’ পরিবেশন করবে সুফি নৃত্য।
নুসরাত ফতেহ আলী খানের স্মরণে অনুষ্ঠানে থাকবে বিশেষ ফটো গ্যালারি ও ট্রিবিউট এক্সিবিশন। পুরো আয়োজনস্থল সাজানো হবে সুফি ভাবনায়।
ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনসের প্রতিষ্ঠাতা ও সিইও রাকিব হোসেন সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘ইশক-এ-নুসরাত’ শুধু একটি সংগীতানুষ্ঠান নয়; এটি ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তাঁর সংগীতের চিরন্তন আবেদন উদ্যাপনের একটি বিশেষ উদ্যোগ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় দর্শনার্থীদের জন্য অডিটরিয়ামের প্রবেশদ্বার খুলবে। মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং চলবে রাত ১০টা পর্যন্ত। পরিবার নিয়ে উপভোগের উপযোগী পরিবেশ ও পার্কিং সুবিধাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আয়োজকেরা। সীমিত আসনের এই অনুষ্ঠানের টিকিটের দাম শুরু ৯৯৯ টাকা থেকে।

