অনলাইন ডেস্ক: ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে ৭৫ বছর বয়সী মা সেতারা বেগমকে হত্যার ঘটনায় মেয়ে রিনা আক্তার রানুর (৩৭) বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার রানুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) নিহতের ছেলে মো. ফিরোজ বাদী হয়ে দাগনভূঞা থানায় মামলাটি করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে রানু অস্বাভাবিক আচরণ করছিলেন। সম্প্রতি তিনি তার স্বামীকেও মারধর করেন। পরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য বাবার বাড়িতে নিয়ে আসেন। সেখানে তার মানসিক সমস্যাসহ অন্যান্য বিষয়ে চিকিৎসা চলছিল বলে জানা গেছে।
রোববার (২৫ অক্টোবর) রাতে রানু ঘরের অন্য সদস্যদের একটি কক্ষে আটকে রেখে তার মাকে বটি দিয়ে কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই সেতারা বেগমের মৃত্যু হয়। এরপর বটি হাতে রানু ঘরের এক কক্ষ থেকে অন্য কক্ষে ছোটাছুটি করেন এবং ভেতর থেকে দরজা আটকে রাখেন।
খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর বসতঘরের লোহার দরজা ভেঙে পুলিশ ভেতরে প্রবেশ করে সেতারা বেগমের মরদেহ উদ্ধার করে। এ সময় রানুকে আটক করা হয়।
নিহত সেতারা বেগম উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের পূর্ব চন্দ্রপুর গ্রামের বাদশা মিয়া বাড়ির মৃত হোসেন আহমেদের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত শেষে সেতারা বেগমের মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে। তার প্রবাসী দুই ছেলে দেশে ফিরলে দাফন সম্পন্ন করা হবে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা করেছেন এবং গ্রেপ্তার রিনা আক্তার রানুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, অভিযুক্ত মানসিক সমস্যায় আক্রান্ত হওয়ায় তার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়নি।

