Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ইসরায়েলের পতাকা পায়ে মাড়িয়ে আলোচনায় কলম্বিয়ান গায়িকা চেলো হপ

ইসরায়েলের পতাকা পায়ে মাড়িয়ে আলোচনায় কলম্বিয়ান গায়িকা চেলো হপ

অনলাইন ডেস্ক: সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দর্শকদের সামনে মঞ্চে গান পরিবেশনের সময় এক দর্শক গায়িকা চেলো হপের দিকে ইসরায়েলের পতাকা এগিয়ে দেন। এতে তিনি পতাকাটি কেড়ে নিয়ে মাটিতে ফেলে পা দিয়ে মাড়ান এবং পরে লাথি দিয়ে সরিয়ে দেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেক নেটিজেন গায়িকাকে প্রশংসা করছেন। ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন ও গাজায় হামলার প্রেক্ষাপটে তার এই প্রতিক্রিয়াকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে দেখছেন তারা।

আলোচিত ওই গায়িকার পরিচয় জানতে আগ্রহ তৈরি হলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে তার নাম চেলো হপ বলে জানানো হয়। তিনি কলম্বিয়ার একজন র‍্যাপার।

জর্ডানের সংবাদমাধ্যম রয়া নিউজ এবং ভারতের ফ্রি প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ অক্টোবর কলম্বিয়ার বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে ‘হিপ হপ আল পারকে’ উৎসবে পারফর্ম করার সময় ঘটনাটি ঘটে।

পারফরম্যান্সের সময় চেলো হপ ‘পালেস্তিনা লিব্রে’ স্লোগান দেন। স্প্যানিশ ভাষার এই স্লোগানের অর্থ ‘মুক্ত হোক ফিলিস্তিন’।

চেলো হপ রাজনৈতিক গান এবং বিভিন্ন গণআন্দোলনের ধৈর্য ও প্রতিরোধ নিয়ে গান পরিবেশনের জন্য পরিচিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই অনুষ্ঠানে তিনি ‘অ্যানাতোমিয়া’ গানটিও পরিবেশন করেন।

ঘটনাটি ২৪ অক্টোবরের হলেও সম্প্রতি ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে চেলো হপের প্রতিবাদের দৃশ্যটি আলোচনায় আসে। এ ঘটনায় কলম্বিয়ায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত নিন্দা প্রকাশ করেছেন বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram