অনলাইন ডেস্ক: শীতের আগমনী বার্তায় লালমনিরহাটের কাঁচাবাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের কিছু সবজি। এতে সবজির বাজারে কিছুটা স্বস্তি মিললেও চাল, ডাল, তেল, মাছ ও মাংসের দাম বাড়তি রয়েছে। গতকাল শনিবার (২৪ অক্টোবর) সকালে জেলার কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়.
ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক মাস ধরে সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা চলছে। গত মাসের তুলনায় চিকন চালের দাম কেজিতে ৫৮ টাকা থেকে বেড়ে ৬৪ টাকা, চিকন মসুর ডাল ১৪০ টাকা থেকে বেড়ে ১৪২ টাকা এবং সয়াবিন তেল লিটারপ্রতি ১৯৯ টাকা থেকে বেড়ে ২০৪ টাকা হয়েছে। ডিমের দাম ডজনে ৬ টাকা বেড়ে ১৫০ টাকায় উঠেছে। গত তিন মাসে চাল, তেল, ডিম ও মসুর ডালের দাম ৫ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে।
ছোট মাছের দাম স্থিতিশীল থাকলেও নাইলোটিকা, রুই, গ্রাসকার্প ও পাঙাশের দাম কেজিতে ১৫ থেকে ৩০ টাকা বেড়েছে। বয়লার মুরগির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও সোনালি ও দেশি মুরগির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। গরুর মাংস আগের মতোই কেজি ৭০০ থেকে ৭৩০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির মধ্যে আলু ও বেগুন কেজি ২০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা এবং করলা ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে লাউ প্রতি পিস ১৫ থেকে ২০ টাকা। শীতের নতুন সবজির মধ্যে কপি কেজি ৮০ টাকা এবং নতুন শিম ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে নিম্ন ও স্বল্প আয়ের মানুষ সবচেয়ে বেশি চাপে পড়েছেন। অনেক পরিবার মাছ-মাংস কেনা কমিয়ে দিয়েছে। আদিতমারী কাঁচাবাজারের ক্রেতা অটোচালক চান মিয়া বলেন, দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা আয় করে বাজার, সন্তানদের পড়াশোনা ও চিকিৎসার খরচ চালাতে কষ্ট হচ্ছে।
বিক্রেতা নজরুল ইসলাম বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। উৎপাদন বা আমদানি কম হলে বেশি দামে পণ্য কিনে বেশি দামে বিক্রি করতে হয়। তার দাবি, তারা কেজিতে ৫ থেকে ১০ টাকা লাভে বিক্রি করেন।
ক্রেতা ইকবাল হোসেন বাজারে সিন্ডিকেট বন্ধ করে মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন। মুরগি বিক্রেতা জসিম উদ্দিন বলেন, ফিড, বিদ্যুৎ ও ওষুধের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন কমেছে, ফলে পরিবহন খরচও বেড়েছে।
লালমনিরহাট ক্যাবের সাধারণ সম্পাদক তৌহিদ লিটনের দাবি, আমদানির ঘাটতি ও তদারকির অভাবে বাজারদর বেড়েছে। তিনি ট্যাক্স-ভ্যাট কমানো এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত বাজার তদারকির পরামর্শ দেন।

