Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সফরের সপ্তাহ না পেরোতেই সড়কে ফের সংস্কার

প্রধানমন্ত্রীর সফরের সপ্তাহ না পেরোতেই সড়কে ফের সংস্কার

অনলাইন ডেস্ক: সংস্কারের সাত দিনও পার হয়নি। এরই মধ্যে উঠে গেছে সড়কের পিচ, ভেঙে গুঁড়া হয়েছে নতুন বসানো সিমেন্টের ব্লক। কোথাও সৃষ্টি হয়েছে গর্ত, কোথাও ক্ষতবিক্ষত হয়ে পড়েছে সড়কের উপরিভাগ। অথচ সপ্তাহখানেক আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফর উপলক্ষ্যে তড়িঘড়ি করে এসব অংশ মেরামত করা হয়েছিল। এখন সেই একই অংশে আবারও চলছে সংস্কারকাজ। এতে সড়কের স্থায়িত্ব নিয়ে স্থানীয় বাসিন্দা, পথচারী ও চালকদের প্রশ্নের পাশাপাশি সরকারি অর্থের অপচয় নিয়ে উঠেছে অভিযোগ।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশের মধ্যে প্রায় দুই কিলোমিটারে এমন চিত্র দেখা গেছে।

গত ২০ অক্টোবর শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরকে কেন্দ্র করে আগের চার দিন ধরে মহাসড়কের শতাধিক ভাঙাচোরা অংশ মেরামত করা হয়। পুরোনো ইটের পাটাতন তুলে সেখানে নতুন সিমেন্টের ব্লক বসিয়ে তার ওপর পিচের প্রলেপ দেওয়া হয়েছিল।

দ্রুতগতিতে করা ওই সংস্কারের স্থায়িত্ব নিয়ে তখনই সংশয় প্রকাশ করেছিলেন স্থানীয় বাসিন্দা, চালক ও পথচারীরা। কয়েকদিনের মধ্যেই তাদের আশঙ্কা বাস্তবে রূপ নেয়। শনিবার (২৪ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, সংস্কার করা কয়েকটি অংশে নতুন বসানো ব্লক ভেঙে গেছে। কোথাও পিচের প্রলেপ উঠে গিয়ে আগের মতো গর্ত তৈরি হয়েছে। সেসব জায়গায় আবারও মেরামতের কাজ চলছে।

একই সড়কের একই অংশে অল্প সময়ের ব্যবধানে বারবার সংস্কার হওয়ায় কাজের মান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দা নাজমুল হক অভিযোগ করেন, সড়ক সংস্কার করা হয় আবার নষ্ট হওয়ার জন্য, যাতে সারা বছর মেরামতের কাজ চলে। হাজীপাড়া মোড়ের ব্যবসায়ী রাকিব ইসলাম বলেন, নিম্নমানের কাজের কারণে সাত দিন আগে বসানো সিমেন্টের ব্লক ভেঙে গেছে।

বাসচালক আব্দুর রশিদ বলেন, নিম্নমানের কাজ হলে সড়ক বারবার ক্ষতিগ্রস্ত হবে। তাঁর দাবি, পাগলাপীর থেকে মেডিকেল মোড় পর্যন্ত সড়কের অবস্থা খুবই খারাপ এবং এই অংশে দুর্ঘটনা ঘটে।

আগেও উঠেছিল অনিয়মের অভিযোগ

সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ১৭ কিলোমিটার সংস্কারের কাজ ২৬ কোটি ৮৯ লাখ ৫৯ হাজার ৯৪৬ টাকায় পায় রাজশাহীর ডন এন্টারপ্রাইজ। ওই বছরের ৪ ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১০ কিলোমিটার অংশে ডিবিএসটি পদ্ধতিতে সংস্কারকাজ করা হয়। কাজের মান নিয়ে তখনই প্রশ্ন ওঠে।

অভিযোগ রয়েছে, টহলরত সেনাবাহিনীর একটি দল সড়কের প্রতি বর্গমিটারে নির্ধারিত পরিমাণের চেয়ে ৫ কেজি পাথর কম ব্যবহারের বিষয়টি শনাক্ত করে। এতে প্রায় ৩৬৫ টন পাথর কম ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সংস্কারকাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গর্ত তৈরি হয়।

রংপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. কামাল পাশা বলেন, অতিরিক্ত লোডেড গাড়ি চলাচলের কারণে সংস্কার করা অংশ উঠে যাচ্ছে। তাঁর ভাষ্য, সড়কের নিচের ফাউন্ডেশন খারাপ হওয়ায় ওপরের সংস্কার টেকসই হচ্ছে না এবং নতুন করে নির্মাণ ছাড়া সমাধান নেই।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram