Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

দিলজিতের দিল্লির কনসার্টে নিরাপত্তা নিয়ে বাড়তি প্রস্তুতি

দিলজিতের দিল্লির কনসার্টে নিরাপত্তা নিয়ে বাড়তি প্রস্তুতি

অনলাইন ডেস্ক: নিরাপত্তার কারণে ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জের দিল্লির কনসার্টের অনুমতি দেওয়া হয়নি—এমন খবর ছড়িয়ে পড়ায় অনুষ্ঠানটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে গত বৃহস্পতিবার টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থা ‘বুকমাইশো’ জানায়, কনসার্ট বাতিল হয়নি। আগামী ৩০ অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে নির্ধারিত দিনেই ‘অরা ইন্ডিয়া টুর’-এর অংশ হিসেবে সংগীত পরিবেশন করবেন এই পাঞ্জাবি গায়ক।

অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা জোরদারে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ ও আয়োজকেরা। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল দর্শকসমাগমের কথা বিবেচনায় নিয়ে অতিরিক্ত বেসরকারি নিরাপত্তাকর্মী নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। স্টেডিয়ামে প্রবেশ ও বের হওয়ার জন্য আরও পথ খোলা রাখার পরিকল্পনাও রয়েছে।

প্রাথমিক পরিকল্পনায় ৪০০ জন বেসরকারি নিরাপত্তাকর্মী মোতায়েনের কথা থাকলেও পরিস্থিতি পর্যালোচনার পর এ সংখ্যা দেড় থেকে দুই হাজারে উন্নীত করার প্রয়োজন হতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। ভিড় নিয়ন্ত্রণে পুলিশ ও আয়োজকেরা সমন্বিতভাবে কাজ করবেন।

যান চলাচল নিয়ন্ত্রণের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। স্টেডিয়ামের চারপাশের ৫০০ থেকে ৭০০ মিটার এলাকায় গাড়ি চলাচলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। নির্দিষ্ট কিছু এলাকায় শুধু শিল্পীদের গাড়ি চলাচলের অনুমতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রায় ৫৫ হাজার দর্শকের বসার ব্যবস্থা আছে। জনসমাগমের কথা মাথায় রেখে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। দর্শকদের আরও কাছে পৌঁছাতে দিলজিতের পারফরম্যান্সের র‍্যাম্প বড় করার পরিকল্পনাও করছেন আয়োজকেরা। তবে বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। নিরাপত্তা পর্যালোচনা ও প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কনসার্ট নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিলজিৎ বলেছেন, ‘৩০ তারিখ দিল্লিতে দেখা হবে।’

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram