অনলাইন ডেস্ক: সবশেষ দলবদলের মৌসুমে অন্যতম বিতর্কিত অধ্যায়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপ চলাকালে তিনি অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে স্বপ্নের ক্লাব বার্সেলোনায় যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু তার স্বপ্ন পূরণ হয়নি। ইচ্ছার বিরুদ্ধে থেকে যাওয়ার পর ভক্ত-সমর্থকদের রোষানলে পড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাদের আস্থা ফিরে পাওয়ার লড়াই করছেন তিনি।
গতকাল দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ১-০ গোলে জিতেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ম্যাচের একমাত্র গোলটি করেন আলভারেজ। লা লিগায় আট মাস পর গোল পেলেন তিনি। পাশাপাশি ১১ মাস পর ঘরের মাঠে লা লিগায় গোল করার কৃতিত্বও অর্জন করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
২০২৫ সালের নভেম্বরের পর ঘরের দর্শকদের সামনে প্রথম গোল করার পর বার্সেলোনায় যাওয়ার বিষয়টি নিয়ে নীরবতা ভাঙেন ২০২২ বিশ্বকাপজয়ী এই তারকা। এর আগে গত সপ্তাহে স্টুটগার্টের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ড্র ম্যাচেও অ্যাতলেটিকোর একমাত্র গোলটি করেছিলেন তিনি।
ওয়ান্দা মেত্রোপিতানোতে গোলের পর আগের মন্তব্যের জন্য ভক্তদের কাছে ক্ষমা চান আলভারেজ। তিনি বলেন, তার কথা বলার ধরন ও মন্তব্য করার সময় ঠিক ছিল না। সমর্থকদের রাগ তিনি বুঝতে পারেন এবং তাদের জায়গায় থাকলে একইভাবে রাগ করতেন বলেও জানান।
চলতি মৌসুমে প্রথমবার শুরুর একাদশে সুযোগ পাওয়া আলভারেজ জানান, গত কয়েক সপ্তাহে তিনি সমর্থকদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছেন। এখন নিজের উন্নতি ও কঠোর পরিশ্রমে মনোযোগ দেওয়ার কথা বলেছেন তিনি।

