অনলাইন ডেস্ক: ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে খেলতে নেমে প্রতিপক্ষ ফুটবলারের উদ্দেশে মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখেছেন নেইমার জুনিয়র। এর আগে প্রতিপক্ষ খেলোয়াড়ের বুকে বল ছুড়ে মারায় ব্রাজিলিয়ান তারকা একটি হলুদ কার্ড দেখেছিলেন।
ব্রাজিলেইরো সিরি এ’র ম্যাচে ঘরের মাঠ ভিলা বেলমিরোয় বাহিয়ার সঙ্গে ঘটনাবহুল দিন কাটিয়েছে সান্তোস। ৩৯ মিনিটে সফরকারী দলের হয়ে গোল করেন ডিফেন্ডার লুসিয়ানো জুবা। নির্ধারিত ৯০ মিনিট শেষে ইনজুরি সময়ে লুয়ান পেরেজ পেট্রোনির গোলে সমতায় ফেরে সান্তোস এবং ১-১ ব্যবধানে হার এড়ায়।
ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে নেইমারের লাল কার্ড। প্রতিপক্ষ খেলোয়াড় রদ্রিগো নেস্তরের সঙ্গে মুখে হাত দিয়ে কথা বলার ঘটনায় দ্বিতীয়ার্ধ শুরুর ঠিক আগে তাকে লাল কার্ড দেখানো হয়। ওই সময় রেফারি স্যাভিও পেরেইরা সাম্পাইও অন্যদিকে ফিরে ছিলেন।
নেস্তরের অভিযোগের পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় নেইমারকে মাঠ ছাড়ার নির্দেশ দেন ম্যাচ রেফারি। এই শাস্তির কারণে সান্তোসের হয়ে আগামী বুধবার পালমেইরাসের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না তিনি। এ ছাড়া তিনটি হলুদ কার্ড পাওয়ায় পরবর্তী সোমবার ব্রাগান্তিনোর বিপক্ষের ম্যাচেও নিষিদ্ধ থাকবেন নেইমার।
মাঠ ছাড়ার সময় ধারণ করা একটি ভিডিওতে লাল কার্ড দেখাতে নেস্তরের কৌশল নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শোনা যায় নেইমারকে। তিনি দাবি করেন, তারা দুজন মজা করছিলেন এবং একে অপরকে নিয়ে হাসাহাসি করছিলেন। নেইমারের ভাষ্য, নেস্তরের সঙ্গে কথা বলার সময় মুখের ওপর হাত নেওয়া তার ভুল ছিল, তবে কিছু বলার আগেই নেস্তর হাত তুলেছিলেন।

