Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

অর্থাভাবে ভোলায় জন্মগত হৃদ্‌রোগে আক্রান্ত শিশুর চিকিৎসা বন্ধের উপক্রম

অর্থাভাবে ভোলায় জন্মগত হৃদ্‌রোগে আক্রান্ত শিশুর চিকিৎসা বন্ধের উপক্রম

অনলাইন ডেস্ক: ভোলায় জন্মগত হৃদ্‌রোগে আক্রান্ত ১৬ মাস বয়সী শিশু রোজা মনির চিকিৎসা অর্থাভাবে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মেয়েকে সুস্থ করতে ইতোমধ্যে ধারদেনা করে দুই লাখ টাকার বেশি খরচ করেছেন দিনমজুর বাবা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, অস্ত্রোপচারের জন্য প্রয়োজন আরও চার লাখ টাকা। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এই অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই মেয়ের চিকিৎসা চালিয়ে নিতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা চেয়েছেন অসহায় বাবা-মা।

রোজা ভোলা সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামিরালতা এলাকার দিনমজুর মো. জাহিদ ও গৃহিণী মিনারা বেগমের ছোট ও একমাত্র মেয়ে। পরিবারে তার আরও দুই ভাই রয়েছে।

পরিবারের সদস্যদের ভাষ্য, জন্মের পর থেকেই রোজার নানা শারীরিক জটিলতা দেখা দেয়। ভোলায় চিকিৎসা করিয়েও সমস্যার সমাধান না হওয়ায় তাকে বরিশালে নেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা রোজার হৃদ্‌যন্ত্রে ছিদ্র থাকার বিষয়টি শনাক্ত করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়।

মেয়ের চিকিৎসায় জমানো টাকা খরচের পাশাপাশি ধারদেনা করেছেন জাহিদ। সব মিলিয়ে দুই লাখ টাকার বেশি ব্যয় হলেও রোজা এখনো সুস্থ হয়নি। অর্থসংকটে তার পরবর্তী চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রোজার মা মিনারা বেগম বলেন, দুই লাখের বেশি টাকা খরচ করেও মেয়েকে ভালো করতে পারেননি। তার ভাষ্য, হৃদ্‌যন্ত্রে ছিদ্র থাকায় রোজা কিছুক্ষণ পরপর অজ্ঞান হয়ে পড়ে এবং শরীর নীল হয়ে যায়। ঢাকার চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার করালে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। তবে অপারেশনের জন্য প্রয়োজনীয় চার লাখ টাকা জোগাড়ের সামর্থ্য তাদের নেই।

রোজার বাবা জাহিদ বলেন, চিকিৎসার অভাবে মেয়েটি মারা যেতে পারে—এমন আশঙ্কা করছেন তিনি। সরকারি সহযোগিতার জন্য ভোলা সমাজসেবায় আবেদন করেও সাড়া পাননি বলে জানান। মেয়ের অস্ত্রোপচারে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তিনি।

প্রতিবেশীরা জানান, শিশুটির জন্মগতভাবে হৃদ্‌যন্ত্রে ছিদ্র রয়েছে বলে তারা জেনেছেন। এলাকাবাসী এত দিন নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করলেও এখন তাদের পক্ষেও আর সহায়তা করা সম্ভব হচ্ছে না।

রোজার চিকিৎসায় সহযোগিতা করতে বাবা মো. জাহিদের সঙ্গে ০১৩০৬-৬২২৯৬৬ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে পরিবার।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram