Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আগাম ধান কাটার পরামর্শ

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আগাম ধান কাটার পরামর্শ

অনলাইন ডেস্ক: মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত সার্কুলেশনটি লঘুচাপে পরিণত হয়েছে এবং দ্রুত শক্তি সঞ্চয় করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এটি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ভারতীয় উপকূলে আঘাত হানতে পারে।

শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় এটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপে এবং ৭২ ঘণ্টার মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক হিসাবে, ২৭ অক্টোবর সন্ধ্যা থেকে ২৮ অক্টোবর সকালের মধ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। তবে এটি প্রাথমিক পূর্বাভাস হওয়ায় এর গতিপথ, শক্তি ও আঘাতের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

সিস্টেমটির সরাসরি বাংলাদেশে আঘাত হানার ঝুঁকি এখন পর্যন্ত কম বলে জানিয়েছে সংস্থাটি। তবে এর পরোক্ষ প্রভাবে দেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে। ২৭ ও ২৮ অক্টোবর থেকে ১ ও ২ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী বৃষ্টিবলয় সক্রিয় হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠার আশঙ্কায় গভীর সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। জেলেদের সতর্কবার্তা অনুসরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্ভাব্য বৃষ্টিপাতের কারণে কৃষি খাতেও ক্ষতির আশঙ্কা রয়েছে। পাকা ধান বৃষ্টিতে ভিজে পচন ধরা, অঙ্কুরোদ্গম হওয়া ও গাছ মাটিতে হেলে পড়ার মতো ক্ষতি হতে পারে। তাই পেকে যাওয়া ধান ২৬ অক্টোবরের মধ্যে কেটে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে।

শীতকালীন সবজি চাষ বা বীজতলা তৈরির পরিকল্পনাকারী কৃষকদের বৃষ্টি না কাটা পর্যন্ত অপেক্ষা করতে পরামর্শ দেওয়া হয়েছে। রবি ফসল বা সবজির জমিতে পানি জমা রোধে নালা পরিষ্কার করে নিষ্কাশনের ব্যবস্থা রাখা, কাঁচা ফসল, বীজ ও সার পলিথিন দিয়ে ঢেকে রাখা এবং ফসল পরিবহনের আগাম প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram