অনলাইন ডেস্ক: বনানীর সড়কে দুর্ঘটনার শিকার হয়ে দীর্ঘদিন আইসিইউ ও হাসপাতালের বিছানায় থাকতে হয়েছে চিত্রনায়িকা মেঘলা মুক্তাকে। দুর্ঘটনার প্রায় তিন মাস পেরিয়ে গেলেও বিচার না পাওয়ায় হতাশ এই অভিনেত্রী। একান্ত আলাপে দুর্ঘটনার পরের অভিজ্ঞতা, থানায় হয়রানির অভিযোগ এবং বিচার পেতে দীর্ঘ অপেক্ষার কথা তুলে ধরেছেন তিনি।
মেঘলা মুক্তা বলেন, বিষয়টি আদালতে গেলেও মামলা কত মাস বা কত বছর চলবে, তা তিনি জানেন না। দীর্ঘদিন মামলা চালানোর মতো ধৈর্য ও সামর্থ্য থাকবে কি না, তা নিয়েও তিনি উদ্বিগ্ন। তার ভাষ্য, এ ধরনের ঘটনায় বিচার পাওয়ার প্রত্যাশা করাটাই যেন ভুল।
বনানী থানার ওপর আস্থা নেই বলেও জানান মেঘলা। পুলিশের কিছু সদস্যের ভূমিকা নিয়ে তার গুরুতর প্রশ্ন রয়েছে বলে দাবি করেন তিনি। এর আগে ৩০০ ফিটের মস্তুল ব্রিজের কাছে আরএফএলের একটি পিকআপ তার গাড়িতে ধাক্কা দেওয়ার ঘটনায় ৯৯৯-এ ফোন করার পর প্রায় তিন ঘণ্টা রাস্তায় অপেক্ষা করতে হয়েছিল বলে জানান এই অভিনেত্রী। তার অভিযোগ, তদন্ত ছাড়াই দায়িত্বে থাকা এক এসআই তাকে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য দায়ী করেছিলেন। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখার পর দুটি গাড়িই থানায় নেওয়া হয় এবং আরএফএলের এক প্রতিনিধির উপস্থিতিতে মীমাংসা করে তিনি ক্ষতিপূরণ পান।
বনানীর দুর্ঘটনার বিষয়ে মেঘলা বলেন, তিনি আইসিইউতে থাকায় তার বক্তব্য নেওয়া হয়নি। পরিবারের সদস্যদের বক্তব্যও নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। তার বাবা ১ সেপ্টেম্বর থানায় গিয়ে জানতে পারেন, অভিযোগটি থানার কম্পিউটার সিস্টেমে নিবন্ধিত হয়নি। যদিও তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল বলে জানান তিনি।
মেঘলার ভাষ্য, দুর্ঘটনার সময় পেছনে থাকা একটি গাড়ির চালক ভিডিও ধারণ করে গাড়ির নম্বরসহ তথ্য পুলিশের কাছে দিয়েছিলেন। পরে ১ সেপ্টেম্বর তার বাবা অভিযোগ করার পর ৩ সেপ্টেম্বর রাতে দুর্ঘটনায় জড়িত গাড়ি ও চালককে আটক করা হয় বলে পুলিশ জানায়। ২৮ জুলাইয়ের ঘটনার পর ব্যবস্থা নিতে ৩৪ দিন দেরি হলো কেন—এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
মেঘলা জানান, তার পরিবারের পক্ষ থেকে মেডিকেল রিপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র তদন্ত কর্মকর্তাকে দেওয়া হয়েছে। বনানী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। অভিযোগপত্র জমা না হওয়া পর্যন্ত আদালতে বারবার তার বাবাকে যেতে হচ্ছে এবং অভিযুক্ত পক্ষ জামিনের আবেদন করছে বলেও জানান এই অভিনেত্রী।
শারীরিকভাবে এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় আদালতে যাওয়া তার জন্য কঠিন বলে জানান মেঘলা। তিনি বলেন, দাঁড়াতে ও হাঁটতে পারলেও মুখের ক্ষত এবং শারীরিক অবস্থার উন্নতিতে আরও সময় প্রয়োজন। দ্রুত বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে হয়রানি কমানোর আহ্বান জানিয়েছেন তিনি।
মেঘলা মুক্তা বলেন, পুলিশের বিরুদ্ধে তার অভিযোগগুলো অভিজ্ঞতা ও ঘটনাগুলোর ভিত্তিতে। এসব বিষয় যথাযথভাবে তদন্ত করে প্রকৃত সত্য প্রকাশের দাবি জানান তিনি।

