Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

প্লাস্টিকের বোতল জমা দিয়ে মিলল ৭০০ গাছের চারা

প্লাস্টিকের বোতল জমা দিয়ে মিলল ৭০০ গাছের চারা

অনলাইন ডেস্ক: প্লাস্টিক বর্জ্য জমা দিলেই মিলছে গাছের চারা। পরিবেশদূষণ রোধ ও বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রয়াস’ এ উদ্যোগ নিয়েছে। তিনটি প্লাস্টিকের বোতল কিংবা নির্দিষ্ট পরিমাণ প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। এতে শিশু, শিক্ষার্থী, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে ‘প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ’ শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দারা বাড়িতে জমিয়ে রাখা প্লাস্টিকের বোতল ও অন্যান্য বর্জ্য নিয়ে সেখানে আসেন। নির্ধারিত স্থানে বর্জ্য জমা দিয়ে তাঁরা বিভিন্ন প্রজাতির গাছের চারা সংগ্রহ করেন। কর্মসূচিতে প্রায় ৭০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, প্লাস্টিক ও পলিথিনের যথেচ্ছ ব্যবহার এবং যত্রতত্র ফেলে দেওয়ার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। মানুষের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

কর্মসূচিতে অংশ নেওয়া অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাইসা ছয়টি প্লাস্টিকের বোতল জমা দিয়ে দুটি গাছের চারা পেয়েছে। তার ভাষ্য, এ উদ্যোগে মানুষ প্লাস্টিক বর্জ্য সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি গাছ লাগাতে আগ্রহী হবে।

গৃহিণী আয়েশা ১২টি প্লাস্টিকের বোতল নিয়ে কর্মসূচিতে অংশ নেন। তিনি বলেন, ফেসবুকে কর্মসূচির কথা জেনে বোতল নিয়ে এসেছেন। এতে প্লাস্টিক বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনার সুযোগ হচ্ছে এবং বাড়িতে গাছ লাগানোও হবে।

সংগঠনটির আহ্বায়ক নূরুল জান্নাত মান্না বলেন, প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা তৈরি এবং বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতেই কর্মসূচির আয়োজন করা হয়েছে। মানুষের ব্যাপক সাড়া ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ চালিয়ে যেতে তাঁদের অনুপ্রাণিত করবে।

পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন উদ্যোগটির প্রশংসা করে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান বলেন, প্লাস্টিক ও পলিথিন পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি হুমকি। যত্রতত্র প্লাস্টিক না ফেলে সঠিকভাবে সংগ্রহ, ব্যবস্থাপনা ও অপসারণ নিশ্চিত করা প্রয়োজন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram