অনলাইন ডেস্ক: বলিউড সুপারস্টার রণবীর কাপুরকে রামের চরিত্রে দেখার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বিশ্বজুড়ে তার ভক্ত-অনুরাগীরা। নীতেশ তিওয়ারী পরিচালিত এ বছরের অন্যতম বিগ বাজেট সিনেমা ‘রামায়ণ’ আগামী ৫ নভেম্বর দীপাবলি উপলক্ষে বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে। তবে শুধু প্রেক্ষাগৃহে নয়, পে-পার-ভিউ প্রক্রিয়ায় ঘরে বসেও ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি দেখার সুযোগ পাবেন ভারতীয় দর্শকেরা।
সম্প্রতি জিয়োহটস্টার ও প্রাইম ফোকাস স্টুডিওসের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, ছবিটি সাধারণ মাসিক বা বার্ষিক সাবস্ক্রিপশনের অন্তর্ভুক্ত থাকবে না। ওটিটিতে সিনেমাটি দেখতে হলে আলাদাভাবে নির্দিষ্ট অর্থ পরিশোধ করতে হবে।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নির্মাতাদের প্রথম লক্ষ্য সিনেমাটির বড় পরিসর ও ভিজ্যুয়াল প্রেক্ষাগৃহের বড় পর্দায় দর্শকদের সামনে তুলে ধরা। তাই দীপাবলিতে বিশ্বজুড়ে মুক্তির পর দর্শকেরা প্রথমে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখবেন। এরপর ওটিটিতে স্ট্রিমিংয়ের সুযোগ মিলবে।
জিয়োস্টারের চেয়ারপার্সন নীতা আম্বানি বলেন, ‘রামায়ণ’ ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ সম্পদ। ওটিটির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে, এই কাহিনির বার্তা পৌঁছানো সম্ভব হবে।
সিনেমাটির প্রযোজক নমিত মালহোত্রা বলেন, ‘রামায়ণ’-এর অভিজ্ঞতা বড় পর্দাতেই সেরা। তবে প্রেক্ষাগৃহের অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দেশের সব দর্শকের পক্ষে হলে গিয়ে সিনেমাটি দেখা সম্ভব নয়। এ কারণে ওটিটিকেও গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে ঘরে বসেও দর্শকেরা এই অভিজ্ঞতা নিতে পারেন।

