Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

জমি নিয়ে বিরোধে আটকে থাকা দুর্গাপ্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত

জমি নিয়ে বিরোধে আটকে থাকা দুর্গাপ্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক: রংপুর নগরীর ঠিকাদারপাড়া মোড়ে একটি অস্থায়ী দুর্গামন্দিরের জমির মালিকানা নিয়ে বিরোধে দুর্গাপ্রতিমা বিসর্জন না দেওয়ার ঘটনায় উত্তেজনা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে দুই পক্ষের সঙ্গে বৈঠক হলেও জমি নিয়ে বিরোধের চূড়ান্ত সমাধান হয়নি।

বৈঠক শেষে জেলা প্রশাসক ইসরাত জাহান প্রতিমা বিসর্জনের সিদ্ধান্তের কথা জানান। আগামী রোববার (২৫ অক্টোবর) বিচারকের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বৈঠক শুরু হয়। রাত ৮টার দিকে বৈঠক শেষে জমির মালিকানা দাবিদার রীতা রানী রায় অভিযোগ করেন, জেলা আওয়ামী কৃষক লীগ নেতা প্রাণকৃষ্ণ গোস্বামী প্রান্নু তাদের পারিবারিক জমি জোর করে দখলের চেষ্টা করছেন। অস্থায়ী পূজামণ্ডপকে স্থায়ী মন্দিরে রূপ দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

রীতা রানীর দাবি, বিজয়া দশমীর পরও প্রতিমা বিসর্জন না দিয়ে সেখানে রেখে জমি দখলের চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী কমল গোস্বামী বলেন, আদালত যে রায় দেবেন, তারা তা মেনে নেবেন।

জেলা প্রশাসক বলেন, প্রতিমা বিসর্জন না দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যা নিয়ে দুই পক্ষের বক্তব্য শোনা হয়েছে। এখন প্রতিমা বিসর্জন দেওয়া হবে এবং রোববার বিচারকের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

বিরোধের সূত্রপাত

এর আগে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা থেকে অস্থায়ী মন্দিরটির জমির মালিকানা নিয়ে বিরোধ তীব্র হয়। একপর্যায়ে সড়ক অবরোধ, বিক্ষোভ ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগে বিজিবি এবং পরে এসআরবি সদস্যদের মোতায়েন করা হয়।

জমির মালিকানা দাবিদার পক্ষের অভিযোগ, দীর্ঘদিন দুর্গাপূজার জন্য ব্যবহৃত পারিবারিক জমিটি দখলে নেওয়ার চেষ্টা চলছে। মন্দির কমিটির দাবি, জমিটি মন্দিরের নামে দেওয়ার প্রতিশ্রুতিতে কেনার জন্য বায়না করা হলেও মালিকপক্ষ দলিল নিবন্ধন করে দিচ্ছে না। এ বিরোধের মধ্যে স্থায়ীভাবে কালীমন্দির স্থাপনের উদ্যোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

বুধবার রাত সাড়ে ১২টা পর্যন্ত দুর্গাপ্রতিমা বিসর্জন দেওয়া হয়নি। জেলা পূজা উদযাপন পরিষদ ও মহানগর পুলিশের পক্ষ থেকে বিসর্জনের নির্দেশ দেওয়া হলেও মন্দির কমিটি তাতে সম্মত হয়নি। বৈঠকের পর প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত জানানো হলেও জমির মালিকানা বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram