অনলাইন ডেস্ক: সাভারের আমিন বাজার এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে ময়লার ভাগাড় ও বর্জ্য ব্যবস্থাপনার ল্যান্ডফিলে ভেকুর কাজে ব্যবহৃত ৮০০ লিটার সরকারি তেল পাচারের সময় আল-আমিন (৩৪) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। এ সময় তেল ও পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজারের সালেহপুর ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে তেলভর্তি ট্রাকটি জব্দ করা হয়।
আটক আল-আমিন বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ঘটকেরচর গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে। তিনি রাজধানীর মিরপুর-১-এর গোদারঘাট এলাকায় ভাড়াবাসায় থাকেন এবং সিটি করপোরেশনের আবর্জনাবাহী ড্রাম-ট্রাক চালান।
পুলিশ জানায়, নিয়মিত তল্লাশির সময় একটি ট্রাকে ৪০টি কনটেইনারে ৮০০ লিটার ডিজেল পাওয়া যায়। ট্রাকটি রাজধানীর দিকে যাচ্ছিল। পরে পুলিশ তেল ও ট্রাকটি জব্দ করে এবং চালককে আটক করে।
সাভার মডেল থানার আমিন বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকির আল আহসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক তেল পাচারের বিষয়টি স্বীকার করেছেন। পুলিশের ভাষ্য, আমিন বাজারের ল্যান্ডফিল থেকে তেল নিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চোরাই তেল চক্রের কাছে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

