অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ গ্রেড-১ (সচিব/ফরেন সার্ভিস একাডেমি রেক্টর/গ্রেড-এ রাষ্ট্রদূত) পদে পদোন্নতি লাভ করায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের ভিত্তিতে তার পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়।
অভিনন্দনবার্তায় বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই-এর নেতারা বলেন, রাষ্ট্রদূত তারেক আহমেদ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে কাজ করছেন। আল-আইন, দুবাই ও শারজাহসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেম্বার অব কমার্সের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার ধারাবাহিক বৈঠক এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের উদ্যোগের কথাও উল্লেখ করেন তারা।
নেতারা সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, তাদের স্বার্থরক্ষা এবং বাংলাদেশ-ইউএই মৈত্রী সুদৃঢ়করণে রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন।
তারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রদূত তারেক আহমেদের এই অর্জন প্রবাসীদের কল্যাণে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে নতুন সুযোগ তৈরি করবে।
প্রেসক্লাব নেতারা রাষ্ট্রদূত তারেক আহমেদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত সাফল্য কামনা করেন।

