অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় যুবদল নেতা জহির ফকিরকে (৫০) উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকায় একটি মাদ্রাসার পাশে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
জহির ফকির নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের এক নম্বর আহ্বায়ক ছিলেন। তিনি আড়াইহাজারের খালিয়ারচর গ্রামের বাসিন্দা। তবে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকায় বসবাস করতেন।
সড়কের পাশে জহির ফকিরের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কীভাবে তিনি আহত হয়েছেন এবং তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, রক্তাক্ত অবস্থায় ওই যুবদল নেতাকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর রহস্য এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

