অনলাইন ডেস্ক: সংস্কারের পেছনে ২১ কোটি ৬১ লাখ টাকা ব্যয় হলেও কাজ শেষ হওয়ার মাত্র ছয় মাসের মধ্যে পঞ্চগড়-বোদা মহাসড়কের সাড়ে ১০ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে পিচের আস্তরণ উঠে পাথর বেরিয়ে এসেছে। কোথাও কোথাও সড়ক ফুলে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।
পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা থেকে বোদা উপজেলার ভাসাইনগর পর্যন্ত সড়কটির বিভিন্ন অংশে এমন চিত্র দেখা গেছে। গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, মোটরসাইকেল ও ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কের অংশবিশেষ ভেঙে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও কাজের মানে অনিয়মের কারণে সংস্কারের কয়েক মাসের মধ্যেই সড়কটির এই অবস্থা হয়েছে। তাঁদের দাবি, ক্ষতিগ্রস্ত অংশে স্থায়ী সমাধানের বদলে নামমাত্র বিটুমিন ও পাথর দিয়ে মেরামত করা হচ্ছে। ফলে কিছুদিন পর আবারও সড়কটি আগের অবস্থায় ফিরে যাচ্ছে।
বোদা উপজেলার ময়দানদিঘী এলাকার বাসিন্দা মখলেছার রহমান বলেন, কয়েক মাস আগে সংস্কারের পরও সড়কের বিভিন্ন স্থানে ফাটল ও ফুলে ওঠা অংশ তৈরি হয়েছে। কোথাও পাথর বেরিয়ে এসেছে। এতে মোটরসাইকেল ও ইজিবাইক চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে।
মোটরসাইকেলচালক সাব্বির হোসেনের অভিযোগ, সংস্কারের নামে নামমাত্র কাজ করা হচ্ছে। তাঁর মতে, পরিকল্পনার অভাবে সরকারি অর্থ নষ্ট হওয়ার পাশাপাশি সড়ক ব্যবহারকারীরাও ঝুঁকিতে পড়ছেন। তিনি স্থায়ী সমাধানের দাবি জানান।
জেমজুট এলাকার বাসিন্দা আব্দুল খালেক বলেন, বিভিন্ন স্থানে মেরামত করা হলেও কয়েক দিন পর আবার সড়কটি আগের মতো হয়ে যাচ্ছে। তাঁর মতে, বারবার জোড়াতালি না দিয়ে ক্ষতিগ্রস্ত স্থান পরীক্ষা করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙাচোরা অংশে যানবাহন চলাচলের সময় চালকদের গতি কমাতে হচ্ছে। বিশেষ করে রাতে ও বৃষ্টির সময় গর্ত ঠিকমতো দেখা যায় না, ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। নিয়মিত সড়কটি ব্যবহারকারী রুবেল ইসলাম বলেন, পিচ উঠে যাওয়া ও পাথর বেরিয়ে থাকা অংশে মোটরসাইকেল চালাতে সমস্যা হয়। গর্ত এড়াতে গিয়ে অন্য যানবাহনের সঙ্গে সংঘর্ষের আশঙ্কাও থাকে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) পঞ্চগড়ের উপবিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন বলেন, সড়কটি নিয়মিত সংস্কার করা হচ্ছে। তাঁর দাবি, অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক চলাচলের কারণে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সওজের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে ধাক্কামারা থেকে ভাসাইনগর পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সড়কের সংস্কারকাজ শুরু হয় এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে তা শেষ হয়। এ কাজে ব্যয় ধরা হয় ২১ কোটি ৬১ লাখ টাকা।

