Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

৫ ওয়ানডেতে দুই ফাইফার: পাকিস্তানের নতুন অলরাউন্ডার আরাফাত মিনহাস কে

৫ ওয়ানডেতে দুই ফাইফার: পাকিস্তানের নতুন অলরাউন্ডার আরাফাত মিনহাস কে

অনলাইন ডেস্ক: ঘরের মাঠে চলমান ত্রিদেশীয় সিরিজে দারুণ পারফরম্যান্সে টানা দুই ম্যাচ জিতেছে স্বাগতিক পাকিস্তান। শ্রীলঙ্কার পর তারা ইংল্যান্ডকে হারিয়ে কার্যত ফাইনালে এক পা দিয়ে রেখেছে। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ২১ বছর বয়সী পাকিস্তানি অলরাউন্ডার আরাফাত মিনহাস। মাত্র পাঁচ ওয়ানডেতেই তার নামের পাশে দুটি ফাইফার জ্বলজ্বল করছে।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট ও বল—দুই বিভাগেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মিনহাস। পাকিস্তান ১৩৩ রানে ৫ উইকেট হারানোর পর তিনি ৫৮ বলে ৫৯ রান করেন। হাসান নেওয়াজের সঙ্গে তার ৭৮ রানের জুটি পাকিস্তানকে তিনশ পেরোনো সংগ্রহ এনে দেয়। পরে বল হাতে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে ভাঙন ধরান এই বাঁহাতি স্পিনার।

এর ফলে একই ওয়ানডেতে হাফসেঞ্চুরি ও ফাইফার নেওয়া তৃতীয় পাকিস্তানি ক্রিকেটার হন আরাফাত মিনহাস। এর আগে আব্দুল রাজ্জাক একবার এবং শহীদ আফ্রিদি তিনবার এই কীর্তি গড়েছিলেন। আন্তর্জাতিক ওয়ানডের অভিষেকেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ ওভারে ৩২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন মিনহাস। সেই ম্যাচে তিনি ম্যাচসেরা হন।

ক্রিকেটে উঠে আসার পথ

২০০৫ সালে মুলতানে জন্ম নেওয়া মিনহাস আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন টি-টোয়েন্টি দিয়ে। ২০২৩ এশিয়ান গেমসে তার অভিষেক হয়। এর আগে অনূর্ধ্ব-১৯ ও শাহিন্স কর্মসূচির ধাপ পেরিয়ে তিনি পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতান্সের হয়ে খেলেছেন।

পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন বলেছেন, মিনহাসের এমন শুরু তারা কল্পনা করেননি। তার ভাষ্য অনুযায়ী, ব্যাট, বল ও ফিল্ডিং—সব ক্ষেত্রেই মিনহাস প্রস্তুতির প্রমাণ দিয়েছেন। ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিও তাকে প্রতিভাবান ও উপযুক্ত অলরাউন্ডার হিসেবে উল্লেখ করেছেন।

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুককে বাঁহাতি স্পিনে বোল্ড করেন মিনহাস। ম্যাচ শেষে ব্রুক তার বোলিং ও ফিল্ডিংয়ের প্রশংসা করেন।

আরাফাতের ভাই সামির মিনহাসও পাকিস্তান ক্রিকেটে আলোচিত। আন্তর্জাতিক অভিষেক না হলেও সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৭১ রানের ইনিংস খেলেছেন তিনি। যুব ওয়ানডেতে পাকিস্তানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক সামির ওই টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকও ছিলেন। বাবা কাশিফ মিনহাসের হাত ধরে দুই ভাইয়ের ক্রিকেটযাত্রা শুরু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram