অনলাইন ডেস্ক: পূজা শেষে বাড়ি ফেরার পথে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া মা ও মেয়ের মধ্যে আট বছরের শিশু অর্পিতা বেপারীর মরদেহ উদ্ধারের তিন দিন পর বুধবার সকালে পিরোজপুরের নাজিরপুরে কালিগঙ্গা নদী থেকে তার মা রিনা বেপারীর (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সকাল ৯টার দিকে উপজেলার মধুরাবাদ এলাকায় নদীতে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্বজনরা মরদেহটি রিনা বেপারীর বলে শনাক্ত করেন।
রিনা বেপারী নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের শংকর বেপারীর স্ত্রী। একই দুর্ঘটনায় তাদের আট বছরের মেয়ে অর্পিতা বেপারীও মারা যায়।
গত সোমবার রাত ৯টার দিকে নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বোঝাই একটি ট্রলার অতিরিক্ত ভারে এক পাশে কাত হয়ে যায়। এতে ১৫ থেকে ২০ জন যাত্রী কালিগঙ্গা নদীতে পড়ে যান। তাদের অধিকাংশ সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হন। তবে রিনা ও অর্পিতা নিখোঁজ ছিলেন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সোমবার রাত ১১টা ১০ মিনিটের দিকে অর্পিতার মরদেহ উদ্ধার করা হয়। রাত ১টা পর্যন্ত অভিযান চালানোর পর সাময়িক বিরতি দেওয়া হয়। মঙ্গলবার সকাল ৬টা থেকে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল আবার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর বুধবার সকালে রিনার মরদেহ নদীতে ভেসে ওঠে।
পিরোজপুর জেলা ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক রায়হানুর আশরাফ জানান, ফায়ার সার্ভিস, নৌবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের দেবর মরদেহ শনাক্ত করার পর প্রশাসনিক প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা বলেন, দুর্ঘটনার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে যাদের বিরুদ্ধে অবহেলা বা গাফিলতির অভিযোগ উঠবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘাটের ইজারাদারদের কোনো অবহেলা পাওয়া গেলে ইজারা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

