Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

অনলাইন ডেস্ক: নাটোরে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়ার নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজন মারা যান। আহত ও নিহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে আটজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ নাটোর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

পুলিশ জানায়, বরিশালের বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের একটি বাস ভোরে বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে পাবনাগামী বালুবোঝাই ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের সদস্যরা কাজ করছেন।

ঘটনাস্থল পরিদর্শন করে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ভোর হওয়ায় চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন—এমন ধারণা করা হচ্ছে। তিনি জানান, অনেকেই গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram