অনলাইন ডেস্ক: জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। মহানগর দক্ষিণের নতুন কমিটির সভাপতি হয়েছেন জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের নেতা নাঈম আবেদীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান ভূঁইয়া তাসকিন।
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী এক বছরের জন্য ঘোষিত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
নাঈম আবেদীনের রাজনৈতিক পথচলা
নবগঠিত কমিটির সভাপতি নাঈম আবেদীন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী। জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণের মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। শেখ হাসিনার পতনের পর ২০২৪ সালের আগস্টে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অর্গানাইজিং উইংয়ের দায়িত্ব পালন করেন। পরে সংগঠনটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে গড়ে ওঠা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্রতিষ্ঠাতা সিনিয়র সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেন নাঈম আবেদীন। পরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশ হলে তিনি সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পান।
নবগঠিত ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ইমরান তাসকিন ভূঁইয়া জুলাই গণ-অভ্যুত্থানে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আন্দোলনে নেতৃত্ব দেন।

