অনলাইন ডেস্ক: বলিউডে ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবে পরিচিত আমির খান পেশাগত সাফল্য ও ব্যক্তিগত জীবনের নানা ঘটনার কারণে নিয়মিত আলোচনায় থাকেন। তবে বিতর্ক পেছনে রেখে ইতিবাচকভাবে জীবনযাপন করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এই অভিনেতা।
সম্প্রতি এক অনুষ্ঠানে পাকা চুল ও ধূসর রঙের ভিন্নধর্মী লুকে দেখা যায় আমির খানকে। নতুন এই রূপে ভক্তদের অবাক করলেও তাকে উৎফুল্ল ও খোশমেজাজে দেখা গেছে।
আমিরের চুলে এমন পরিবর্তন দেখে ভক্ত ও সমালোচকদের একাংশ ধারণা করেন, এটি হয়তো নতুন কোনো সিনেমার চরিত্রের প্রস্তুতির অংশ। তবে সেই গুঞ্জন নাকচ করে অভিনেতা জানান, আপাতত তিনি চুলে কোনো রং করছেন না।
আমির বলেন, তিনি চুলে কলপ বা রং করা বন্ধ করে দিয়েছেন। প্রতিদিন একইভাবে রং করাটা তার কাছে একঘেয়ে লাগছিল বলেও জানান তিনি।
এ সময় পাশে থাকা পরিচালক সুভাষ ঘাই রসিকতা করে বলেন, আমিরকে যখনই ভিন্ন কোনো অবয়বে দেখা যায়, তখন ধরে নিতে হয় তিনি নতুন কোনো চরিত্র নিয়ে গভীরভাবে পড়াশোনা বা চর্চা শুরু করেছেন।

