অনলাইন ডেস্ক: কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাজমিনকে বহনকারী অটোরিকশাচালক সুমন তাকে দিকভ্রান্ত করে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।
শনিবার (১০ অক্টোবর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে তাজমিন সুমান নামে ওই সিএনজিচালিত অটোরিকশাচালককে কুমিল্লা রেসকোর্সে যাওয়ার জন্য ভাড়া করেন। পদুয়ার বাজার থেকে শহরের দিকে না গিয়ে সুমন তাকে বিজরার দিকে নিয়ে যান। পরে দীর্ঘ সময় ঘোরানোর পর লালমাই উপজেলার জগতপুর এলাকার একটি নির্জন রাস্তায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি হলে অটোরিকশাটি ধানখেতে কাত হয়ে পড়ে। তাজমিন দৌড়ে পালানোর চেষ্টা করলেও দুর্বল হয়ে পড়েন। পরে সুমন তাকে কাবু করেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে সুমন তাজমিনকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। এরপর গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে পাশের এলাকার একটি পুকুরে গোসল করেন। যাওয়ার সময় তাজমিনের ভ্যানেটি ব্যাগ থেকে একটি আইফোন নিয়ে সেটি ধানখেতে লুকিয়ে রেখে চট্টগ্রামের দিকে চলে যান।
ফেলে যাওয়া অটোরিকশার নিবন্ধন নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। পরে ডিবি পুলিশ চট্টগ্রাম নগরীর একটি এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করে। পঙ্কজ বড়ুয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন ঘটনার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে সোপর্দ করা হবে।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানখেত থেকে ১৪ বছর বয়সী জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনার পর তাজমিনের বাবা আব্দুল আলিম লালমাই থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

