অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে বিশ্ব যখন হাতের মুঠোয়, তখন এটিকে ঘৃণা-বিদ্বেষ ছড়ানোর হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছেন কেউ কেউ। বিশ্বকাপের সর্বশেষ আসর যত এগিয়েছে, দলটিকে ঘিরে বিদ্বেষমূলক বার্তার সংখ্যাও তত বেড়েছে। আর এমন আচরণের সবচেয়ে বেশি শিকার আর্জেন্টিনা। ফিফার এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম সুরক্ষা পরিষেবা (এসএমপিএস) গবেষণাটি পরিচালনা করেছে। ২০২৬ সালের ৯ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত এক্স, ইনস্টাগ্রাম, ফেসবুক ও টিকটকে প্রকাশিত ১ কোটি ৭১ লাখের বেশি পোস্ট ও মন্তব্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়।
আর্জেন্টিনার পর সবচেয়ে বেশি অনলাইন আক্রমণের শিকার হয়েছে ইংল্যান্ড, স্পেন, ব্রাজিল ও নরওয়ে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে ঘিরে সমালোচনা ও অভিযোগের বড় অংশে বলা হয়েছে, রেফারিদের কাছ থেকে তার দল অন্যায্য সুবিধা পেয়েছে। এসব বার্তায় বিদেশি-বিদ্বেষও ছিল।
ব্যক্তিগতভাবে আক্রমণের শিকার খেলোয়াড়দের তালিকায় আর্জেন্টিনার খেলোয়াড়েরা চতুর্থ অবস্থানে। তাদের আগে রয়েছে ফ্রান্স, ইংল্যান্ড ও পর্তুগাল। খেলোয়াড়দের বিরুদ্ধে সবচেয়ে বেশি বৈষম্যমূলক আক্রমণের ধরন ছিল বর্ণবাদ; বিশেষ করে আফ্রিকান বংশোদ্ভূত কয়েকজন খেলোয়াড়কে লক্ষ্য করে এমন মন্তব্য করা হয়েছে।
টুর্নামেন্টে সবচেয়ে বেশি অনলাইন হয়রানির শিকার ব্যক্তির পরিচয় ফিফা প্রকাশ করেনি। ওই ব্যক্তি বর্ণবাদ, সমকামিতাবিদ্বেষ, নারীবিদ্বেষ ও ট্রান্সজেন্ডার-বিদ্বেষমূলক আক্রমণের শিকার হয়েছেন।
ফিফার হিসাবে, এসএমপিএসের নজরদারিতে থাকা ১ হাজার ৬০৬ জন খেলোয়াড়, কোচ ও কর্মকর্তার মধ্যে ৮১২ জন অন্তত একটি আপত্তিকর বা হয়রানিমূলক বার্তা পেয়েছেন। বৈষম্যমূলক আক্রমণের ১২ শতাংশ ছিল বর্ণবাদী।
সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু হওয়া ব্যক্তিকে নিয়ে ১০ হাজারের বেশি আপত্তিকর পোস্ট প্রকাশিত হয়েছে, যার ৪০ শতাংশ ছিল বর্ণবাদী। যাচাই-বাছাইয়ের পর প্রায় ২ লাখ ৪০ হাজার পোস্ট ও মন্তব্যকে আপত্তিকর হিসেবে নিশ্চিত করা হয়। তদন্তের জন্য ২ হাজার ৯০৫টি অ্যাকাউন্টের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠানো হয়েছে ৭৮৬টি অ্যাকাউন্টের তথ্য।
এ ছাড়া ফিফা ও সদস্য সংস্থাগুলোর সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলে প্রকাশিত ৬ কোটি ৭ লাখ মন্তব্যও পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে স্প্যামসহ ৯২ লাখ মন্তব্য আড়াল করে দেওয়া হয়েছে।

