Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

শান্তির অভাব নিয়ে মন্তব্য, সঞ্জয় দত্তের পুরোনো মামলা ঘিরে বিতর্ক

শান্তির অভাব নিয়ে মন্তব্য, সঞ্জয় দত্তের পুরোনো মামলা ঘিরে বিতর্ক

অনলাইন ডেস্ক: ভারতে বর্তমান পরিস্থিতি ও শান্তির অভাব নিয়ে মন্তব্য করে ব্যাপক আলোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। একই সঙ্গে তার এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে উঠে এসেছে অভিনেতার পুরোনো বিতর্কিত অতীত; ১৯৯৩ সালের অবৈধ অস্ত্র মামলার ইতিহাস।

সম্প্রতি অভিনেতা ও উপস্থাপক শেখর সুমনের একটি পডকাস্টে অংশ নিয়ে দেশের পরিস্থিতি নিয়ে কথা বলেন সঞ্জয় দত্ত। তিনি বলেন, ভারতের মানুষ ভালো, উদার ও অতিথিপরায়ণ হওয়ায় দেশে শান্তি থাকা উচিত। তবে সাম্প্রতিক সময়ে তিনি সেই শান্তি অনুভব করছেন না বলেও জানান। শান্তির পরিবেশ দ্রুত ফিরে আসার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করার কথা বলেন অভিনেতা।

সঞ্জয়ের বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হয়। নেটিজেনদের একটি বড় অংশ তার মন্তব্যের সমালোচনা করে ১৯৯৩ সালের ঘটনার প্রসঙ্গ টেনে আনছেন। অবৈধ অস্ত্র রাখার দায়ে তার দণ্ডপ্রাপ্তির বিষয় উল্লেখ করে অনেকে মন্তব্যটিকে ‘ভণ্ডামি’ বলে আখ্যা দিচ্ছেন। তাদের দাবি, অতীতে গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তির মুখে শান্তির কথা মানানসই নয়।

১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে ধারাবাহিক বোমা হামলার তদন্তের সময় সঞ্জয় দত্তের কাছে অবৈধ অস্ত্র থাকার বিষয়টি সামনে আসে। আদালতের নথি অনুযায়ী, তিনি একে-৫৬ রাইফেল ও গোলাবারুদ গ্রহণ করেছিলেন। তবে বিস্ফোরণের ষড়যন্ত্র বা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ থেকে আদালত তাকে খালাস দেন এবং অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করেন।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০১৩ সালে ভারতের সুপ্রিম কোর্ট তার সাজা পাঁচ বছর নির্ধারণ করেন। এরপর তিনি পুনের ইয়েরওয়াড়া কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করেন এবং ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি মুক্তি পান।

কারাগার থেকে মুক্তির পর সঞ্জয় দত্ত দাবি করে আসছেন, তিনি কোনো সন্ত্রাসী ছিলেন না এবং শুধু অস্ত্র আইনেই সাজা খেটেছেন। তবে শান্তির অভাব নিয়ে তার সাম্প্রতিক বক্তব্যের পর সামাজিক মাধ্যমে তার পুরোনো মামলাটি আবার আলোচনায় এসেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram