অনলাইন ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোর জায়গা কি কেড়ে নিলেন গনসালো রামোস? এমন প্রশ্ন তোলাই যায়। ওয়েলসের বিপক্ষে তার বদলি নামার পর থেকে কোচ জর্জ জেসুসকে মুগ্ধ করে চলেছেন তিনি। গতকাল নরওয়ের বিপক্ষে পর্তুগালকে উয়েফা নেশনস লিগে টানা চতুর্থ জয় এনে দিয়ে যেন রোনালদোর কথা ভুলিয়ে দিলেন রামোস।
নরওয়েকে ২-১ গোলে হারিয়ে চার ম্যাচে চার জয়ে গ্রুপ এ-৪-এর শীর্ষে রয়েছে পর্তুগাল। ওয়েলসের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে রামোসের বদলি হিসেবে মাঠ ছাড়েন রোনালদো। এরপর আর মাঠে দেখা যায়নি তাকে।
নরওয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে রোনালদো পুরো সময় বেঞ্চে ছিলেন। ডেনমার্কের বিপক্ষেও তাকে বেঞ্চে থাকতে হবে—জেসুসের এমন বক্তব্যের পর ক্যাম্প ছেড়ে যান তিনি। তবে তার অনুপস্থিতি আপাতত টের পাওয়া যাচ্ছে না। ডেনমার্ককে ৪-২ গোলে হারানোর পর নরওয়ের বিপক্ষেও জয় পেয়েছে সাবেক ইউরোপ চ্যাম্পিয়নরা।
৩৬ মিনিটে ক্রিস্টোফার আজারের গোলে এগিয়ে যায় নরওয়ে। দুই মিনিট পর জোয়াও কানসেলো সমতা ফেরান। ভিতিনহা ও জোয়াও ফেলিক্সের সমন্বয়ে বল পেয়ে ৭৯ মিনিটে জয়সূচক গোল করেন রামোস। ম্যাচের শেষ চার মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় পর্তুগালকে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রানসিস্কো কনসেইসাও।
এদিকে ৫৯ ম্যাচে ৬৫ গোল করা আর্লিং হালান্ড টানা দ্বিতীয় ম্যাচে গোল করতে পারেননি।

