Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের ২৬ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের ২৬ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: শেরপুরে নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর নদী থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভাটারাঘাট এলাকার মৃগী নদী থেকে সৈয়দ সাদমান জয়ের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জয় (২২) কুড়িগ্রামের ওহেদুন্নী ওরফে মাখন মিয়ার ছেলে এবং ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মা শাহনাজ পারভীন শেরপুর সদর উপজেলার খাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জয় একসময় হ্যালোডটবিডিনিউজের শিশু সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রের ভাষ্য, শনিবার বিকেলে জয় এক বন্ধুকে নিয়ে ভাটারাঘাট এলাকায় মৃগী নদীর তীরে যান। সেখানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চলাকালে জয়ের বন্ধুকে মাদকসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পরিবারের সদস্যদের দাবি, অভিযানের সময় ভয় পেয়ে জয় দৌড়ে নদীতে ঝাঁপ দিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি চালানোর পর পুলিশের সহযোগিতা চান। পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল রোববার বিকেলে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, ওই দিন পুলিশের এমন কোনো অভিযান হয়নি। পরিবার সহযোগিতা চাইলে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয় এবং জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় জয়ের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হেলাল উদ্দিন বলেন, উপপরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সেখানে মাদকবিরোধী অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে একজনকে মাদকসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়। তবে অভিযানের ভয়ে কেউ নদীতে ঝাঁপ দিয়েছেন—এমন তথ্য তাদের জানা ছিল না বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram