অনলাইন ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের বিএড ও বিএমএড দ্বিতীয় সেমিস্টারের এক বছর মেয়াদি পাঠদান অনুশীলন ও মৌখিক পরীক্ষা ১২ অক্টোবর থেকে শুরু হবে। এ পরীক্ষা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।
সোমবার (৫ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইএমএস সফটওয়্যারে নম্বর পাঠাতে হবে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা গ্রহণ, তথ্য এন্ট্রি ও নম্বর পাঠানোর কাজ ইএমএস সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্টদের ইএমএস ওয়েবসাইটে লগইন করতে হবে। ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড ই-মেইলে পাঠানো হবে।
নম্বর পাঠাতে ইএমএসের কেন্দ্র বা আঞ্চলিক কেন্দ্র প্যানেলে কলেজের ই-মেইল ঠিকানা দিয়ে লগইন করে বিএড ও বিএমএড দ্বিতীয় সেমিস্টার এবং ২০২৫ সাল নির্বাচন করতে হবে। এরপর ‘সেন্টার ম্যানেজমেন্ট মডিউল’ থেকে ‘ডিপার্টমেন্ট ইউজারস লিস্ট’-এ গিয়ে নতুন ব্যবহারকারী তৈরি করতে হবে। আগে ব্যবহারকারী তৈরি করা থাকলে নতুন করে তৈরির প্রয়োজন নেই; শুধু বিষয় নির্ধারণ করতে হবে।
বিষয় অনুযায়ী ব্যবহারকারী নির্ধারণের পর ‘প্র্যাকটিক্যাল ভাইভা এক্সাম মডিউল’-এর ‘প্র্যাকটিক্যাল এক্সাম মার্কস’ মেনু থেকে নম্বর দিতে হবে। অনুপস্থিত পরীক্ষার্থীর ক্ষেত্রে ইংরেজি বড় হাতের অক্ষরে ‘এ’ লিখতে হবে।
হাজিরা শিট ডাউনলোডের জন্য ‘প্র্যাকটিক্যাল ক্যান্ডিডেট লিস্ট’ মেনু ব্যবহার করতে হবে। নম্বর এন্ট্রির পর ‘রিভিউ’ করে ‘ফাইনাল সাবমিট’ বাটনে ক্লিক করে নম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারে পাঠাতে হবে। ফাইনাল সাবমিটের পর নম্বর পরিবর্তন করা যাবে না।
বিল পাঠানোর নির্দেশনা
অভ্যন্তরীণ ও বহিঃপরীক্ষকদের বিল পাঠাতে বিলিং সফটওয়্যার ব্যবহার করতে বলা হয়েছে। কলেজ অনুমোদিত না থাকলে কলেজের কোড, ই-মেইল ঠিকানা, কলেজ প্রধানের মোবাইল নম্বর এবং আরও একটি অফিসের মোবাইল নম্বর উল্লেখ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকের কাছে তথ্য পাঠাতে হবে। স্ক্যান করেও নির্ধারিত ই-মেইলে পাঠানো যাবে।
দুই পরীক্ষকের জন্য একবারই তথ্য পাঠাতে হবে। মৌখিক পরীক্ষার নম্বরপত্র ও বিল পাঠানোর পর কোনো সংশোধন, সংযোজন বা পরিবর্তন করা যাবে না। পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে বিল পাঠাতে হবে। বিলসংক্রান্ত সমস্যায় ০১৭২৪-০০৭১৩৪ ও ০১৮৬৭-০৬৫১১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

