Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

গাইবান্ধায় কুকুর-শিয়ালের আতঙ্ক, ছয় মাসে শিশুসহ ৬ জনের মৃত্যু

গাইবান্ধায় কুকুর-শিয়ালের আতঙ্ক, ছয় মাসে শিশুসহ ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: পথকুকুরের আতঙ্কে দিন কাটছে গাইবান্ধার মানুষের। চলতি বছর বিচ্ছিন্ন ঘটনার পাশাপাশি অন্তত চার দফায় বড় ধরনের তাণ্ডব চালিয়েছে কুকুর ও শিয়াল। বিশেষ করে পথকুকুর বা বেওয়ারিশ কুকুরের আক্রমণের আতঙ্কে রয়েছেন শিশু, শিক্ষার্থী ও অভিভাবকেরা। ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে কুকুর ও শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে এক শিশুসহ ৬ জনের।

স্থানীয় ও সচেতন মহলের অভিযোগ, একের পর এক ঘটনা ঘটলেও প্রশাসন ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনার পর সাময়িক তৎপরতা দেখা গেলেও পরিকল্পিত উদ্যোগ না থাকায় কুকুর ও এ ধরনের প্রাণীর আক্রমণ বাড়ছে বলে তারা দাবি করেন।

হাসপাতালে কুকুরের কামড়ে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ২৫৬ জন

গাইবান্ধা জেনারেল হাসপাতালের ভ্যাকসিন কেন্দ্রের রেজিস্টার অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে ৪ অক্টোবর পর্যন্ত কুকুর ও অন্যান্য প্রাণীর আক্রমণের শিকার হয়ে ভ্যাকসিন নিয়েছেন ৬ হাজার ৯৮০ জন। এর মধ্যে শুধু কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন নারী ও শিশুসহ ২ হাজার ২৫৬ জন। জেলার ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি পর্যায়ে চিকিৎসা নেওয়া ব্যক্তিরা এই হিসাবের বাইরে রয়েছেন।

গাইবান্ধা পৌরসভা ও কয়েকটি গ্রামে ঘুরে বিভিন্ন এলাকায় দলবেঁধে বেওয়ারিশ কুকুরের চলাফেরা দেখা গেছে। ময়লার ভাগাড় ও খাবারের দোকানের আশপাশে একসঙ্গে ১০ থেকে ১২টি পর্যন্ত কুকুর দেখা যায়। এসব এলাকার পাশ দিয়ে চলাচলকারী শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক রয়েছে।

স্থানীয়দের দাবি, বেওয়ারিশ কুকুর নিধনে হাইকোর্টের নিষেধাজ্ঞার পর সারা দেশের মতো গাইবান্ধার শহর ও গ্রামেও কুকুরের সংখ্যা বেড়েছে।

চার ঘটনায় ৬ জনের মৃত্যু

প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ ও একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, ২২ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কয়েকটি গ্রামে একটি পাগলা কুকুরের কামড়ে ২৬ জন আহত হন। ভ্যাকসিন নেওয়ার পরও ৬ মে নন্দ রানী ও ফুল মিয়া, ৮ মে রতনেশ্বর বর্মণ, ১২ মে আফরুজা বেগম এবং ১৩ মে সুলতানা বেগম মারা যান।

এরপর ২০ সেপ্টেম্বর সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে একটি শিয়ালের কামড়ে চার শিশু ও নারীসহ ৯ জন আহত হন। ২১ সেপ্টেম্বর সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের হাটবামুনী গ্রামে কুকুরের কামড়ে সিনথিয়া নামের ১২ বছরের এক শিশু মারা যায়। ওই ঘটনায় রাকিব নামের এক যুবকও আহত হন। ২৬ সেপ্টেম্বর সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের তিনটি গ্রামের নারী ও শিশুসহ আটজনকে একটি কুকুর কামড়ে আহত করে। কুকুরটি দুটি গরু ও দুটি ছাগলকেও কামড়ায়।

নমুনায় র‍্যাবিস ভাইরাস

প্রাণিসম্পদ অধিদপ্তরের সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরির পরীক্ষায় সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুরে মানুষ ও প্রাণীকে আক্রান্তকারী কুকুর ও শিয়ালের নমুনায় র‍্যাবিস ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।

ঘটনার কারণ অনুসন্ধানে প্রাণিসম্পদ অধিদপ্তরের রোগতত্ত্ব বিভাগের চার সদস্যের একটি দল ২২ সেপ্টেম্বর আক্রান্ত এলাকায় যায়। ২৫ সেপ্টেম্বর স্বাস্থ্য ও প্রাণিসম্পদ বিভাগের সমন্বয়ে গঠিত আইইডিসিআরের ছয় সদস্যের একটি তদন্ত দলও মাঠে নামে। এর আগে ১৯ মে সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে পাঁচজনের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে আইইডিসিআরের একটি বিশেষজ্ঞ দল এলেও ওই তদন্তের প্রতিবেদন প্রকাশ হয়নি।

ভ্যাকসিন ও আগাম ব্যবস্থার দাবি

সুন্দরগঞ্জে ২২ এপ্রিলের ঘটনার পর ১ হাজার ১৭৫টি কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়। সদর পৌরসভায় ৮৩০টি এবং সম্প্রতি সাদুল্লাপুরে ২০০টি কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

গাইবান্ধা পৌর প্রশাসনিক কর্মকর্তা আবু হানিফ বলেন, পৌরসভায় এ বিষয়ে বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত জনবল নেই। তাঁর ভাষ্য, বিপজ্জনক প্রাণী নিয়ন্ত্রণ পৌরসভার আইনি দায়িত্ব হলেও ২০১৩ সালে হাইকোর্টের নির্দেশে কুকুর নিধন বন্ধ হয় এবং কুকুর বন্ধ্যাকরণের কার্যক্রমও আর চালু নেই।

সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তানভীক জাহান বলেন, সবাই ঝুঁকির মধ্যে রয়েছেন। তাঁর মতে, মানুষের ম্যাস ভ্যাকসিনেশনই বর্তমানে সবচেয়ে নিরাপদ ও সহজ প্রতিকার।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জোবাইদুল কবীর শিশুদের একা না ছাড়ার এবং কুকুরের চোখের দিকে তাকিয়ে পথ না চলার পরামর্শ দিয়েছেন। গাইবান্ধার সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান জানান, ভ্যাকসিনের পর্যাপ্ত মজুত রয়েছে। তাঁর মতে, কুকুরের জলাতঙ্ক নিয়ন্ত্রণে ডগ ম্যাস ভ্যাকসিনেশন প্রয়োজন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram