Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডেঙ্গু কর্নারে ময়লা-অব্যবস্থাপনা, ক্ষুব্ধ স্বজনরা

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডেঙ্গু কর্নারে ময়লা-অব্যবস্থাপনা, ক্ষুব্ধ স্বজনরা

অনলাইন ডেস্ক: কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেঙ্গু কর্নার, কেবিন ও বারান্দাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। ডেঙ্গুর প্রকোপের মধ্যেও রোগীদের জন্য নেই পর্যাপ্ত মশারির ব্যবস্থা। একইভাবে আইসোলেশন ওয়ার্ডে থাকা হাম-রুবেলা কেন্দ্রেও বিরাজ করছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অভিযোগ, অব্যবস্থাপনার কারণে হাসপাতালেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সেখানে ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত সেপ্টেম্বর মাসে হাসপাতাল থেকে ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। আইসোলেশন ওয়ার্ডের হাম-রুবেলা কেন্দ্রে উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২০ জন রোগী। চলতি মাসে এই কেন্দ্র থেকে চিকিৎসা নিয়েছেন ১৬৪ জন।

সরেজমিনে হাসপাতালের ডেঙ্গু কর্নার ও সাধারণ কেবিনের বারান্দায় যত্রতত্র ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা গেছে। ষষ্ঠ তলার উত্তরের ডেঙ্গু কেবিনের পশ্চিম পাশের বারান্দায় ময়লার স্তূপের পাশেই রোগী ও স্বজনদের অবস্থান করতে দেখা যায়। উত্তর ও দক্ষিণের দুটি ডেঙ্গু কেবিনের কোনো শয্যায় মশারি টানানো ছিল না।

রোগীর স্বজনদের অভিযোগ, গুরুতর অসুস্থ রোগীদের স্থানান্তরের জন্য প্রয়োজনীয় হুইলচেয়ার বা ট্রলি সময়মতো পাওয়া যায় না। একজন রোগীর সঙ্গে একাধিক স্বজন বা দর্শনার্থী ওয়ার্ডে প্রবেশ করায় সেখানে সার্বক্ষণিক ভিড় থাকে।

হাম-রুবেলা কেন্দ্রেও নোংরা ও দুর্গন্ধময় পরিবেশের অভিযোগ করেছেন স্বজনরা। তাঁদের দাবি, সংক্রামক রোগের এই কেন্দ্রে অস্বাস্থ্যকর পরিবেশ রোগীদের সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ করে তুলছে।

খলিলগঞ্জ এলাকার এক রোগীর স্বজন তানজিনা বলেন, রোগী ভর্তি করার সময় তাঁরা কোনো হুইলচেয়ার বা ট্রলি পাননি। অনুরোধ করেও ব্যবস্থা না হওয়ায় রোগীকে কষ্ট করে ওপরে তুলতে হয়েছে।

সদর উপজেলার হলোখানা ইউনিয়নের রোগী মোরসালিনের চাচা সাজেদুল মিয়া বলেন, রোগীকে ভর্তি করার পরও ডাক্তার দেখেননি। তাঁর অভিযোগ, সব ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে এবং বাথরুমগুলো ব্যবহারযোগ্য নয়।

রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মমতাজ বলেন, ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন দিন হাসপাতালে ভর্তি থাকার পর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পরীক্ষা করান। সেখানে তাঁকে হাম-রুবেলায় আক্রান্ত বলা হয়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন থেকে আসা আছমা বেগমের অভিযোগ, হাসপাতালে ট্রলি নেই, পরিবেশ নোংরা এবং ওষুধ বাইরে থেকে কিনতে হয়। তাঁর দাবি, ডেঙ্গু রোগীর সঙ্গে অন্য রোগীকেও রাখা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বে থাকা এক নার্স জানান, ওই দিন হাম-রুবেলায় আক্রান্ত তিনজন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। নানজিদা নামের সাড়ে সাত মাস বয়সী এক শিশুকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। বর্তমানে ২০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ আহমেদ বলেন, প্রয়োজনীয় লোকবলের অভাবে চিকিৎসাসেবা দিতে তাঁরা হিমশিম খাচ্ছেন। ২৫০ শয্যার হাসপাতালের জন্য ১৭৭ জন চিকিৎসক প্রয়োজন হলেও বর্তমানে আছেন ১৯ জন। স্বল্পসংখ্যক চিকিৎসক নিয়ে তাঁরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন বলে জানান তিনি।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, জেলায় ডেঙ্গু ও হাম-রুবেলা রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ কাজ করছে এবং সচেতনতা তৈরিতে বিভিন্ন ক্যাম্পেইন চলছে। তিনি জানান, ক্যাম্পেইন-পরবর্তী সময়ে স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রগুলোতে ৫৩ হাজার ৩৭৪ জনকে টিকা দেওয়া হয়েছে। জেলায় এখন পর্যন্ত মোট ৩ লাখ ৩৪ হাজার ১৩৭ জনকে টিকা দেওয়া হয়েছে।

স্থানীয় সচেতন মহল হাসপাতালের অব্যবস্থাপনা দূর করে চিকিৎসার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram