অনলাইন ডেস্ক: বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভারতীয় আধিপত্যবাদ অবসানের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও’ কর্মসূচির আগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
খোমেনী ইহসান বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের ভারতীয় দাবিদার বিনা প্রতিরোধে মেনে নেওয়া হবে না। প্রয়োজনে দেশের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
ভারতীয় হাইকমিশনারের কথিত অপতৎপরতা বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকের দায়িত্ব কূটনৈতিক যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ থাকা এবং আয়োজক দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। তার অভিযোগ, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি কার্যালয়ে প্রবেশ করছেন, যা কূটনৈতিক রীতিনীতির পরিপন্থি এবং প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননাকর।
খোমেনী ইহসান আরও অভিযোগ করেন, ভারত সরকারের আশ্রয়ে থাকা জুলাই গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ না করে ভারতীয় হাইকমিশনার বিভিন্ন কর্মকর্তার সঙ্গে প্রকাশ্যে দেখা করছেন।
তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি সার্বভৌম এবং দেশটি একটি স্বাধীন রাষ্ট্র। জাতীয় বিপ্লবী পরিষদ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ।
সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের সদস্যসচিব ডা. নাবিল আহমদ, সহকারী সদস্যসচিব আব্দুস সালাম ও মো. সাইদুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

