অনলাইন ডেস্ক: সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী এসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জেলার উত্তরের সীমান্তবর্তী জনপদ পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টা ২৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী সদর হাসপাতাল মোড়ে পৌঁছালে সড়কে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।
সফরসূচিতে যেসব কর্মসূচি
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে পরশুরাম উপজেলার সুবার বাজার সড়কের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় যাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।
এরপর তিনি ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজে গিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন এবং সেখানে বিশ্রাম নেবেন।
বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠের অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়বেন প্রধানমন্ত্রী। রাত ৯টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা
প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে ফেনীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসএসএফের পাশাপাশি দুই হাজারের বেশি পুলিশ, এসআরবি, ৯ প্লাটুন বিজিবি, কোস্টগার্ড, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সভামঞ্চসহ পুরো এলাকাকে রেড জোন, ইয়েলো জোন ও হোয়াইট জোনে ভাগ করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফেনী সফরের কথা থাকলেও তা স্থগিত করে ১ অক্টোবর তারিখ পুনর্নির্ধারণ করা হয়। গত ২৫ জানুয়ারি প্রায় দুই দশক পর তারেক রহমান ফেনীতে এসেছিলেন।

