Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

অনলাইন ডেস্ক: কালজয়ী চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার মানিকগঞ্জের সিংগাইরে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে স্ত্রী সালমা চৌধুরীকে নিয়ে ঢাকায় ফেরার পথে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন বিজয় চৌধুরী। পরে তাকে দ্রুত জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন।

শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

বাবার অসুস্থতার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন তার মেয়ে ফিওনা চৌধুরী। বিজয় চৌধুরীর নিজস্ব ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার বাবা আবু আজাদ চৌধুরী (বিজয়) হৃদ্‌রোগ ইনস্টিটিউটে ভর্তি আছেন এবং চিকিৎসাধীন। তিনি বাবার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে ১৯৯৭ সালে চাষী নজরুল ইসলাম নির্মাণ করেন ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমাটি। চলচ্চিত্রটিতে শিশুশিল্পী ‘রইছ’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান বিজয় চৌধুরী।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram