Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

পুরুষত্ব ও গোঁফ নিয়ে মন্তব্যে বিতর্কে আসিফ খান

পুরুষত্ব ও গোঁফ নিয়ে মন্তব্যে বিতর্কে আসিফ খান

অনলাইন ডেস্ক: বিতর্কিত মন্তব্যের কারণে সংবাদের শিরোনামে এসেছেন ‘পঞ্চায়েত’ সিরিজখ্যাত ভারতীয় অভিনেতা আসিফ খান। জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস ২০’-এর ঘরে পুরুষত্ব ও গোঁফ নিয়ে তার একটি বক্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

সম্প্রতি ‘বিগ বস’-এর ঘরে অধিনায়কত্ব নির্বাচন চলাকালে প্রতিযোগী গুল্লু অভিযোগ করেন, ইয়াং ডিএসএ নিজের দলের সদস্যদের গোঁফের বিন্যাস নিজের পছন্দ অনুযায়ী করিয়ে নিচ্ছেন। এর জবাবে আসিফ খান রাজস্থানি সংস্কৃতির প্রসঙ্গ তুলে গোঁফকে পরিচয়ের সঙ্গে যুক্ত করেন এবং গোঁফ না থাকা ব্যক্তিদের পুরুষ হিসেবে গণ্য না করার কথা বলেন।

আসিফের বক্তব্যের পর অনুষ্ঠানের অন্য প্রতিযোগীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানান। তারা বলেন, সমাজের অনেক মানুষেরই গোঁফ নেই। এ প্রসঙ্গে অনুষ্ঠানের সঞ্চালক সালমান খানেরও সব সময় গোঁফ থাকে না বলে উল্লেখ করা হয়।

আরেক প্রতিযোগী আসিফের বক্তব্যের বিরোধিতা করে বলেন, প্রকৃত পুরুষ উগ্র বা হিংসুটে হন না; বরং তিনি পুরো পরিবারকে একসঙ্গে আগলে রাখেন।

এদিকে সামাজিক মাধ্যমে আসিফ খানের মন্তব্য নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। নেটিজেনদের একটি বড় অংশের দাবি, এই বক্তব্যের মাধ্যমে তিনি পরোক্ষভাবে অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খানকে অপমান করেছেন। মন্তব্যটি ঘিরে পরবর্তী পর্বগুলোতে আরও বিতর্ক তৈরি হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram