Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

জেএফএ অনূর্ধ্ব-১৪ হেক্সা মিশন জয়ী রংপুরের ফুটবল কন্যাদের সংবর্ধনা

জেএফএ অনূর্ধ্ব-১৪ হেক্সা মিশন জয়ী রংপুরের ফুটবল কন্যাদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক: জেএফএ অনূর্ধ্ব-১৪ ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬-এ চ্যাম্পিয়ন রংপুর প্রমিলা দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুর আহমেদ আজাদ, সহসভাপতি ও দলের ম্যানেজার শামীম খান মিসকিন এবং ডিএফএর কোষাধ্যক্ষ মোহাম্মদ শামসুজ্জামান।

সামসুজ্জামান সামু বলেন, খেলোয়াড়দের সাফল্যের মাধ্যমে জেলা ও দেশের পরিচিতি বাড়ে। রংপুরের মেয়েরা ক্রীড়াঙ্গনে যে অর্জন করছে, তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরিতে সরকারের বিভিন্ন উদ্যোগ কাজে লাগিয়ে রংপুরের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়ার কথাও বলেন তিনি।

অনুষ্ঠানের আয়োজক মনজুর আহমেদ আজাদ বলেন, মেয়েরা বিজয়ের শিরোপা নিয়ে ফেরায় এটি রংপুরের জন্য বড় অর্জন। তিনি প্রমিলা ফুটবলের বিকাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে ষষ্ঠবার জেএফএ অনূর্ধ্ব-১৪ ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে চ্যাম্পিয়ন হওয়ায় কোচ, ম্যানেজার ও খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে প্রত্যেককে উপহার হিসেবে নতুন ব্লেজার দেওয়া হয়। সংবর্ধনা শেষে খেলোয়াড় ও কর্মকর্তারা অতিথিদের সঙ্গে নৈশভোজে অংশ নেন।

দলের কোচ রুমা আক্তার জানান, ২০১৪, ২০১৬, ২০১৯, ২০২১ ও ২০২৫ সালে রংপুর দল জেএফএ অনূর্ধ্ব-১৪ ইয়ুথ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ষষ্ঠবার শিরোপা জয়ের মাধ্যমে হেক্সা মিশন পূর্ণ হয়েছে। জাতীয় দলে জায়গা করে নিয়ে দেশের সুনাম ধরে রাখতে মেয়েদের জন্য পৃষ্ঠপোষকতা চেয়েছেন তিনি।

গত ১৭ আগস্ট প্রতিযোগিতার ফাইনালে স্বাগতিক টাঙ্গাইলকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর প্রমিলা দল। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে গোলরক্ষক সুমাইয়ার নৈপুণ্যে শিরোপা জেতে রংপুর।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram