অনলাইন ডেস্ক: রাজবাড়ীর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসকদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি ও নির্ধারিত সময় পর্যন্ত দায়িত্ব পালনে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো চিকিৎসক পরপর তিন দিন সময়মতো কর্মস্থলে আসা-যাওয়া না করলে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, হাসপাতালের কিছু চিকিৎসক সম্প্রতি নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত হচ্ছেন না এবং সময় শেষ হওয়ার আগেই চলে যাচ্ছেন। এতে রোগীদের স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে, যা সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর পরিপন্থি।
নির্দেশনা অনুযায়ী, হাসপাতালের সব কনসালটেন্ট, মেডিকেল অফিসার/সহকারী সার্জন এবং ইমার্জেন্সি মেডিকেল অফিসারকে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।
চিকিৎসকদের দৈনিক হাজিরা রেজিস্টার ও বায়োমেট্রিক হাজিরা নিয়মিত পর্যালোচনা করা হবে। কোনো চিকিৎসক টানা তিন দিন যথাসময়ে কর্মস্থলে আসা ও বের হওয়ার ক্ষেত্রে ব্যর্থ হলে শোকজ নোটিশ দেওয়া হবে। জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হবে।
চিকিৎসকদের বায়োমেট্রিক ও হাজিরা পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে। জনস্বার্থে জারি করা নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে।
তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, রোগীদের যথাযথ ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। হাজিরা রেজিস্টার ও বায়োমেট্রিক পদ্ধতিতে নিয়মিত উপস্থিতি পর্যবেক্ষণ করা হবে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ নিয়মিত দেরিতে এলে বা নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

