Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার: অলি আহমেদ

এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার: অলি আহমেদ

অনলাইন ডেস্ক: এলডিপির প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিএনপি কর্মীদের ঘরে ঘরে হাহাকার শুরু হয়েছে। তিনি বলেন, এ সরকার বিএনপির সরকার নয়, হাসিনার সরকার। দেশকে সঠিক পথে আনার জন্যই তারা লংমার্চ করছেন এবং কোনো মুনাফেকের কথায় বিপথগামী না হওয়ার আহ্বান জানান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে এসব কথা বলেন অলি আহমেদ।

তিনি বলেন, ক্ষমতা চলে গেলে বিএনপির চাঁদাবাজি, সন্ত্রাস ও মাস্তানি বন্ধ হয়ে যাবে। তারেকের সরকার বিএনপির সরকার নয়, এটি হাসিনার সরকার—এমন দাবি করে তিনি তারেক রহমান ও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।

অলি আহমেদ আরও বলেন, কোনো ক্ষমতা বা ব্যক্তিগত লাভের জন্য নয়, দেশকে সঠিক পথে আনতেই এই রোড মার্চ করা হচ্ছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পক্ষের বক্তব্যে প্রভাবিত না হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, সরকারকে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। তা না হলে ইতিহাসে সরকারকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হতে হবে বলে সতর্ক করেন তিনি।

মামুনুল হক বলেন, বর্তমান সরকারকে সতর্ক করতে তাদের আন্দোলনের দ্বিতীয় পর্ব চলছে। কর্মসূচি শান্তিপূর্ণ ও গণসম্পৃক্ত হবে জানিয়ে তিনি বলেন, বিএনপি জনগণের দাবি আদায়ে ব্যর্থ হলে ভেসে যাবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকারের করা প্রতারণা ও বিশ্বাসঘাতকতা জনগণের কাছে তুলে ধরতেই লংমার্চ করা হচ্ছে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করেন, বিএনপি সরকার সাত মাসের ব্যবধানে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকার জুলাই সনদের সঙ্গে প্রতারণা করেছে এবং ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করছে বলেও তিনি দাবি করেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram