Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

কোরবানির চামড়ার বাজার ধস: সিন্ডিকেট নাকি ক্যাশ-ফ্লো সংকট?

কোরবানির চামড়ার বাজার ধস: সিন্ডিকেট নাকি ক্যাশ-ফ্লো সংকট?

অনলাইন ডেস্ক: প্রতি বছর কোরবানির ঈদ এলেই দেশের কাঁচা চামড়ার বাজারে একই ধরনের নৈরাজ্য, তর্ক-বিতর্ক ও বাজার ধসের খবর দেখা যায়। মাঠপর্যায়ের মৌসুমি ব্যবসায়ীদের দীর্ঘদিনের অভিযোগ—ট্যানারি মালিক ও আড়তদাররা সিন্ডিকেট করে চামড়ার দাম কমিয়ে দেন, যার ফলে তারা মূলধন হারিয়ে নিঃস্ব হন।

তবে ট্যানারি মালিকদের দাবি, আন্তর্জাতিক বাজারে দেশীয় চামড়ার চাহিদা কমে যাওয়া, সাভারের সিইটিপির ব্যর্থতা, আন্তর্জাতিক পরিবেশগত সনদ এলডব্লিউজি না থাকা এবং রাসায়নিক ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণে বেশি দামে কাঁচা চামড়া কেনা সম্ভব হচ্ছে না। আড়তদাররা বলছেন, সংগ্রহ, লবণ প্রয়োগ, পরিবহন, শ্রমিকের মজুরি, গুদাম ভাড়া ও ব্যাংক ঋণের সুদসহ নানা খরচ রয়েছে।

কার্যকর ক্রেতার সংকট

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে, দেশে চামড়া উৎপাদনের তুলনায় প্রাতিষ্ঠানিক কার্যকর ক্রেতার সংখ্যা কম—এটাই দরপতনের মূল কারণ। বিসিক ও খাতসংশ্লিষ্ট হিসাব অনুযায়ী, ২০২৬ সালের কোরবানির মৌসুমে দেশে আনুমানিক ৯০ লাখ থেকে ১ কোটি পশু কোরবানি হয়। কোরবানির ঈদেই প্রায় ৫৬ লাখ ৭০ হাজার গরুর চামড়া বাজারে আসে।

পর্যাপ্ত সংরক্ষণব্যবস্থা না থাকায় উৎপাদিত চামড়ার প্রায় এক-তৃতীয়াংশ নষ্ট হয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের পর কার্যকর ট্যানারির সংখ্যাও কমেছে। অনেক কারখানা কাগজে টিকে থাকলেও বাস্তবে উৎপাদনে নেই।

সংরক্ষণ ও সরবরাহ শৃঙ্খলের দুর্বলতা

মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, আড়তে চামড়া নেওয়ার পর সিন্ডিকেট করে দর কমানো হয়। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান এ অভিযোগ অস্বীকার করে বলেন, লবণ, পরিবহন, শ্রমিক, গুদাম ও ঋণের সুদসহ বিভিন্ন খরচের কারণে ক্রয় ও বিক্রয়মূল্যের ব্যবধানকে পুরোপুরি মুনাফা বলা যায় না।

বিশেষজ্ঞদের মতে, পশু জবাইয়ের পর গরমের মধ্যে ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে পরিমিত লবণ না দিলে ব্যাকটেরিয়ার আক্রমণে চামড়ার গুণগত মান নষ্ট হয়। জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক সংগ্রাহক কেন্দ্র না থাকাও ক্ষতির অন্যতম কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খেলাপি ঋণে স্থবির অর্থপ্রবাহ

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে কোরবানির চামড়া কেনার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ২২৮ কোটি ৫০ লাখ টাকা। এর আগের বছর ৬৪৪ কোটি ৫০ লাখ টাকার লক্ষ্যের বিপরীতে বিতরণ করা হয়েছিল ৬৫ কোটি টাকা। বর্তমানে চামড়া খাতে খেলাপি ঋণের পরিমাণ ১ হাজার ৮৯২ কোটি টাকা; পুরো খাতে ব্যাংক ঋণের স্থিতি প্রায় ১৫ হাজার ২৮ কোটি টাকা।

খেলাপি ঋণের কারণে নতুন অর্থায়ন না পাওয়ায় ট্যানারি মালিকদের কার্যকর মূলধনের সংকট তৈরি হয়। এতে আড়তদার ও মৌসুমি ব্যবসায়ীদের পাওনা পরিশোধ ব্যাহত হয়ে পুরো সরবরাহ শৃঙ্খলের ক্যাশ-ফ্লো দুর্বল হয়ে পড়ে।

সংস্কার পরিকল্পনা

অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুরের মতে, নীতিগত সহায়তা ও পরিবেশবান্ধব অবকাঠামো নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে চামড়া, চামড়াজাত পণ্য ও জুতা খাতের রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, সাভারে নতুন সিইটিপি নির্মাণ, বড় ট্যানারিতে নিজস্ব বা যৌথ ইটিপি স্থাপন, এলডব্লিউজি সনদ অর্জন এবং অকার্যকর ট্যানারির জন্য ‘গ্রেসফুল এক্সিট’ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে। ২০২৭ সালের মধ্যে সাভারে ডিজাইন ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের পরিকল্পনার কথাও তিনি জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram