অনলাইন ডেস্ক: আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চের ব্যাপক প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক এই কর্মসূচিতে বাধা না দিয়ে সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, কর্মসূচিতে কোনো ধরনের বাধা বা অন্তরায় সৃষ্টি না করতে সরকারের প্রতি আবেদন জানানো হয়েছে। লংমার্চে অংশগ্রহণকারীদেরও কোনো উসকানিতে পা না দিয়ে ধৈর্য ও সংযমের সঙ্গে কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।
বিএনপি, ক্ষমতাসীন দল, সরকার, প্রশাসন, পুলিশ ও সিভিল প্রশাসন, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক বিভাগ, সড়কপথের সংশ্লিষ্ট ব্যক্তি, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার এবং পরিবহনসংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন তিনি। গোলাম পরওয়ার জানান, লংমার্চে হাজার হাজার মানুষের বহরের সঙ্গে সহস্রাধিক গাড়ি থাকবে। এতে দৈনন্দিন কাজ, ব্যবসা-বাণিজ্য ও যানবাহন চলাচলে কিছুটা ভোগান্তি হতে পারে বলে তিনি আগাম দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুর পথে সাতটি জনসভা এবং পাঁচটি পথসভার প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শাখার নেতাদের সঙ্গে অনলাইন বৈঠকে জনগণ, রাজনৈতিক দল ও প্রশাসনের সহযোগিতার আশ্বাস পাওয়ার কথাও জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, রংপুর অভিমুখী লংমার্চে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের দাবিসহ মোট আট দফা দাবি থাকবে। ১১ দলীয় জোটের বৈঠকে উত্তরবঙ্গের মানুষের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি লংমার্চের দাবির সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের কূটনৈতিক ও সরকারি পদক্ষেপ শুরু করার আহ্বান জানানো হয়েছে। তার ভাষ্য, উত্তরবঙ্গের মানুষ লংমার্চ সফল করতে প্রস্তুত।
গোলাম পরওয়ার জানান, শনিবার সকাল ৭টায় মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশ শুরু হবে। সকাল ৮টায় ঢাকা শহরের উত্তর দিক দিয়ে টঙ্গী, গাজীপুর ও টাঙ্গাইল হয়ে নির্ধারিত পথসভাগুলোর পয়েন্ট অতিক্রম করে রংপুরের উদ্দেশে যাত্রা করা হবে।

