Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

পাকিস্তানের তদন্ত নিয়ে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শ চাইলেন রিজওয়ান

পাকিস্তানের তদন্ত নিয়ে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শ চাইলেন রিজওয়ান

অনলাইন ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ধবলধোলাই হওয়া সিরিজের মাঝেই দল থেকে বাদ পড়েন মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হক। এই দুজনের বিরুদ্ধে তদন্তও শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অনলাইন জুয়ায় জড়িত কি না, তা খতিয়ে দেখতে রিজওয়ানের ফোন জব্দ করেছিল পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। এ বিষয়ে তিনি আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের (আকু) পরামর্শ চেয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এনসিসিআইএর চলমান তদন্তের সময় মোবাইল ফোন জব্দের বিষয়ে আকুর কাছে পরামর্শ চেয়েছেন রিজওয়ান। বিভিন্ন সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আকুর পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিয়েছেন এই ক্রিকেটার।

রিজওয়ান জানতে চেয়েছেন, তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে আইসিসি বা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতি দমন কর্তৃপক্ষ অবগত ছিল কি না এবং তারা এতে কোনোভাবে জড়িত ছিল কি না। ফোন জব্দ, যুক্তরাজ্য থেকে পাকিস্তানে স্থানান্তর ও ফরেনসিক পরীক্ষার ক্ষেত্রে অনুসরণ করা প্রক্রিয়া আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তাও জানতে চেয়েছেন তিনি।

ভবিষ্যতে দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে নিজের দায়িত্ব ও অনুসরণীয় পদ্ধতি সম্পর্কেও আইসিসির কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন রিজওয়ান। সূত্রের দাবি, এই যোগাযোগ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ জানাতে নয়; পুরো বিষয়টি সম্পর্কে ব্যাখ্যা চাওয়াই তার উদ্দেশ্য।

লাহোর হাইকোর্টে রিট

এনসিআইএর তদন্তের বিরুদ্ধে লাহোর হাইকোর্টে রিট করেছিলেন রিজওয়ান। তবে বিচারপতি আলিয়া নীলম বৃহস্পতিবার ওই আবেদনের শুনানি করতে অস্বীকৃতি জানান। রিজওয়ানের আইনজীবীকে প্রথমে এনসিআইএর নোটিশের বিষয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়। পরে রিজওয়ানের আইনজীবী গণমাধ্যমকে জানান, নোটিশের জবাব আগেই দেওয়া হয়েছে।

রিজওয়ানের আইনজীবীর দাবি, লর্ডস টেস্টের পর রাত ১টার দিকে দলের অবস্থান করা হোটেলের লবিতে তাকে ডাকা হয়। সেখানে সরকারি একটি সংস্থার এক কর্মকর্তা ছিলেন। পূর্বনোটিশ ছাড়াই ওই কর্মকর্তা রিজওয়ানকে জিজ্ঞাসাবাদ করেন এবং কোনো কারণ বা যৌক্তিকতা না দেখিয়ে তার মোবাইল ফোন জব্দ করেন বলে দাবি করেন আইনজীবী। ফোন জব্দের অনুমোদিত আদেশ বা নির্দেশনার কথাও তাকে জানানো হয়নি বলে দাবি করা হয়েছে। রিজওয়ান এখনো ফোনটি ফেরত পাননি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram