অনলাইন ডেস্ক: মধ্যরাতে ফাঁকা রাস্তায় ছুটে চলা একটি লাল গাড়ির সামনে লাল শাড়ি পরা এক তরুণীর রহস্যময় উপস্থিতিকে কেন্দ্র করে শুরু হয় হরর-থ্রিলার নাটক ‘লালপরী’র গল্প। কে সেই তরুণী, কেন তিনি রাতে সেখানে দাঁড়িয়ে ছিলেন এবং লাল গাড়িটির সঙ্গে তার সম্পর্ক কী—এমন নানা প্রশ্ন ঘিরেই এগিয়েছে নাটকটির কাহিনি।
নাটকের শুরু থেকেই দর্শককে পরিচিত বাস্তবতার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। নির্জন রাস্তা, অচেনা তরুণীর উপস্থিতি ও অন্ধকার পরিবেশের পাশাপাশি গল্পে রয়েছে প্রেম, বিশ্বাস, অবিশ্বাস, প্রতারণা এবং অতীতের নানা অন্ধকার দিক। কাহিনির কেন্দ্রে থাকা প্রভা নামের এক তরুণীর জীবনের ট্র্যাজেডির সঙ্গে জড়িয়ে পড়ে অয়ন (রেহান) নামের এক তরুণ। নানা ঘটনার মধ্য দিয়ে তাদের জীবন যুক্ত হয় একটি রহস্যময় রাতের সঙ্গে।
গাড়িটি কেনার পর থেকেই একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। গাড়ির গ্যারেজ মেকানিক অয়নের আগমনও গল্পে বড় পরিবর্তন আনে। গাড়িতে ওঠার পর অয়নের সঙ্গেও অদ্ভুত কিছু ঘটনা ঘটে। তবে আতঙ্কিত না হয়ে তিনি পরিস্থিতির মুখোমুখি হন। এর মাধ্যমে অয়ন এমন কিছু সত্যের কাছে পৌঁছান, যা শুরুতে অনুমান করা কঠিন।
‘লালপরী’র গল্প আবর্তিত হয়েছে ব্লু মুনের রাতকে ঘিরে। নাটকে অর্চিতা স্পর্শিয়াকে দেখা গেছে এক রহস্যময় অতৃপ্ত আত্মার চরিত্রে। কেন তার আত্মা শান্তি পায়নি এবং কোন অসম্পূর্ণতা তাকে আটকে রেখেছে—গল্প এগোনোর সঙ্গে সঙ্গে এসব প্রশ্নের উত্তর সামনে আসে।
রেহান ও স্পর্শিয়ার চরিত্রের সম্পর্কও নাটকের গুরুত্বপূর্ণ অংশ। তাদের অস্বাভাবিক সাইকোলজিক্যাল ইন্টারঅ্যাকশনের আড়ালে থাকা অতীত ধীরে ধীরে প্রকাশ পায়। একপর্যায়ে রেহানকে ঘিরে সামনে আসে কিছু অপ্রত্যাশিত সত্য ও টুইস্ট। লাল গাড়ি ও লাল শাড়ির যোগসূত্র স্পষ্ট হওয়ার সঙ্গে আগের অনেক ঘটনাও নতুন অর্থ পেতে শুরু করে।
জোবায়ের আবীর পিয়ালের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটিতে রহস্য, হরর, আবেগ ও মানসিক টানাপোড়েন পাশাপাশি রাখা হয়েছে। নাটকটি দেখা যাবে ‘হাউজ অব স্টোরিজ’-এর ইউটিউব চ্যানেলে।

