Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ঠাকুরগাঁও সীমান্তে এক যুগে বিএসএফের গুলিতে নিহত ২৬ বাংলাদেশি

ঠাকুরগাঁও সীমান্তে এক যুগে বিএসএফের গুলিতে নিহত ২৬ বাংলাদেশি

অনলাইন ডেস্ক: সীমান্তের কাছাকাছি গেলেই ভয়। জমিতে ঘাস কাটতে, নদীতে মাছ ধরতে কিংবা আত্মীয়ের বাড়িতে যেতে গিয়েও ফিরতে হবে কি না, সেই শঙ্কা থাকে সীমান্তঘেঁষা মানুষের মধ্যে। গত এক যুগে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অন্তত ২৬ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত বিএসএফের গুলিতে ২৪ বাংলাদেশি নিহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছিল। এরপর চলতি বছরের সেপ্টেম্বরে পীরগঞ্জের চান্দেরহাট সীমান্তে গুলিতে আরও দুজন নিহত হন। এতে সীমান্তে প্রাণহানির বিষয়টি আবারও সামনে এসেছে।

গত ১২ সেপ্টেম্বর ভোরে চান্দেরহাট সীমান্তের ৩৩৩ নম্বর সীমান্ত পিলারের কাছে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহত হন। তারা হলেন আসাদুল হক, মোস্তাকিম ও শ্রী উদা রায়। তাঁদের ভারতের রায়গঞ্জের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আসাদুল হক ও মোস্তাকিম মারা যান। শ্রী উদা রায়কে ভারতীয় কর্তৃপক্ষ আটক করে। ১৩ সেপ্টেম্বর রাতে পতাকা বৈঠকের মাধ্যমে আসাদুল হকের মরদেহ বাংলাদেশে ফেরত আনা হয়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির আওতাধীন হরিপুর, রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী ও আংশিক পীরগঞ্জের বিস্তীর্ণ সীমান্তে ১৯টি বিওপি রয়েছে। বেউরঝাড়ী, কান্তিভিটা, রত্নাই, বজরুক, মুন্ডুমালা, জগদল, চাপসার, নাগরভিটা ও কান্দালসহ বিভিন্ন সীমান্তে বিভিন্ন সময়ে বাংলাদেশি নিহত হয়েছেন। কখনো সীমান্তের কাছ থেকে মরদেহ উদ্ধার হয়েছে, আবার কখনো ভারতের ভেতর থেকে মরদেহ ফেরত আনা হয়েছে।

২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত নিহতদের কেউ আত্মীয়ের বাড়িতে, কেউ ঘাস কাটতে বা মাছ ধরতে গিয়েছিলেন বলে জানা গেছে। আবার কেউ সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন বলে বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে। নিহতদের অনেকের বিরুদ্ধে চোরাকারবারি বা অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অভিযোগ উঠলেও পরিবারের অনেকে তা মানতে নারাজ।

সীমান্তে প্রাণহানির ঘটনায় অনেক পরিবার স্বজন হারিয়ে আর্থিক ও মানসিক সংকটে পড়েছে। বেউরঝাড়ী সীমান্তে নিহত নুরুজ্জামানের স্ত্রী আলেফা বেগম বলেন, স্বামী ছাড়া দুই সন্তানকে নিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

সীমান্তঘেঁষা মানুষেরা জানান, কৃষিকাজ, ঘাস কাটা কিংবা গবাদিপশুর খাবার সংগ্রহের মতো কাজেও সীমান্তের কাছে গেলে আতঙ্কে থাকতে হয়। ব্যবসায়ী মানিক সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবি জানিয়েছেন। সাংস্কৃতিক কর্মী মাসুদ আহম্মেদ সূবর্ণ প্রাণহানি বন্ধে দুই দেশের কার্যকর কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন।

ঠাকুরগাঁও লিগ্যাল এইড অফিসার মজনু মিয়া বলেন, ভুক্তভোগী পরিবারগুলো আইনি সহায়তার জন্য এলে বিনা খরচে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। তাঁর মতে, ন্যায়বিচার পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আখলাকুর রহমান বলেন, সীমান্ত অতিক্রমের চেষ্টা প্রাণহানির অন্যতম কারণ। সীমান্ত-সংলগ্ন মানুষকে সচেতন করা হচ্ছে এবং স্থানীয় ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদেরও এতে যুক্ত করা হয়েছে। তিনি জানান, ঠাকুরগাঁও সীমান্তের দৈর্ঘ্য ১০৬ দশমিক ৪ কিলোমিটার এবং প্রাণহানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি কাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram