অনলাইন ডেস্ক: খাগড়াছড়ি পার্বত্য জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রয়োজনীয় জনবল না থাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সড়ক নির্মাণ ও সংস্কারকাজের তদারকি এবং কাজের গুণগত মান নিশ্চিত করা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
জেলায় এলজিইডির ১৮৯টি অনুমোদিত পদের বিপরীতে ১২৮টি পদই বর্তমানে শূন্য। ফলে সীমিতসংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এতে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের কাজেও ব্যাঘাত ঘটছে।
প্রকৌশলী পদেও সংকট
এলজিইডি সূত্র জানায়, খাগড়াছড়ির নয়টি উপজেলা প্রকৌশলীর অনুমোদিত পদের মধ্যে বর্তমানে পাঁচজন কর্মরত আছেন। দীঘিনালা উপজেলায় উপজেলা প্রকৌশলী পদে একজনকে পদায়ন করা হলেও পদায়নের দুই মাস পরও তিনি কর্মস্থলে যোগ দেননি।
নয়টি উপজেলায় উপজেলা সহকারী প্রকৌশলীর পদ থাকলেও কোনো উপজেলাতেই বর্তমানে এ পদে কর্মকর্তা নেই। এতে প্রকৌশল-সংক্রান্ত কারিগরি কাজ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও বিভিন্ন পর্যায়ের তদারকিতে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।
উপসহকারী প্রকৌশলী পদে ২৭টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র চারজন। দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা ও রামগড় উপজেলায় একজন করে দায়িত্ব পালন করছেন। অন্য উপজেলাগুলোতে এ পদে কোনো কর্মকর্তা নেই।
কার্য সহকারী পদেও ঘাটতি রয়েছে। ৪৫টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন ১৫ জন। সংশ্লিষ্টরা জানান, একজন কর্মকর্তাকে একাধিক প্রকল্পের দায়িত্ব পালন করতে হওয়ায় নিয়মিত তদারকি, অগ্রগতি পর্যবেক্ষণ ও নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার ক্ষেত্রে চাপ বাড়ছে।
ঠিকাদারদের কাজেও প্রভাব
এলজিইডির ঠিকাদার কমল বিকাশ ত্রিপুরা বলেন, জনবল সংকটের কারণে ঠিকাদারদের কাজেও ব্যাঘাত ঘটছে এবং অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। ঠিকাদারদের লাইসেন্স নবায়নের অনলাইন কার্যক্রমেও সার্ভার জটিলতার কারণে সমস্যা হয় বলে জানান তিনি।
উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি নির্নিমেষ দেওয়ান বলেন, পর্যাপ্ত তদারকি না থাকলে নির্মাণকাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। দ্রুত শূন্য পদগুলোতে জনবল নিয়োগের দাবি জানান তিনি।
খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার রহমান বলেন, পর্যাপ্ত জনবল না থাকলে স্বাভাবিকভাবেই কাজে ব্যাঘাত ঘটে এবং কর্মকর্তাদের ওপর চাপ বাড়ে। জনবল সংকটের বিষয়টি স্থানীয় সংসদ সদস্য, এলজিইডির সচিব ও প্রধান প্রকৌশলীকে জানানো হয়েছে বলে জানান তিনি।
চলমান ও প্রস্তাবিত প্রকল্প
এলজিইডির আওতায় জেলায় প্রায় ৫ হাজার কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে পিচঢালা ও ইটসলিং সড়ক প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার এবং কাঁচা সড়ক প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার। বর্তমানে প্রায় ১০০ কিলোমিটার সড়কের নির্মাণকাজ চলছে। বিভিন্ন এলাকায় ব্রিজ নির্মাণের কাজও চলমান, যার মোট দৈর্ঘ্য প্রায় ৪০০ মিটারের কাছাকাছি।
আগামী দিনে জেলার প্রায় ১ হাজার কিলোমিটার সড়কে উন্নয়নকাজের প্রকল্প প্রস্তাবিত রয়েছে। নতুন সড়ক নির্মাণ, সংস্কার ও যোগাযোগব্যবস্থা উন্নয়নের পাশাপাশি ইউনিয়ন পরিষদ ভবন এবং পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব প্রকল্প বাস্তবায়নে প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী ও কার্য সহকারীসহ বিভিন্ন পদে দ্রুত জনবল নিয়োগ জরুরি।

