Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বরিশালে বোরকা পরিহিত দুর্বৃত্তদের হাতে কৃষক খুন

বরিশালে বোরকা পরিহিত দুর্বৃত্তদের হাতে কৃষক খুন

অনলাইন ডেস্ক: অটোরিকশা থামিয়ে কবির বেপারী (৫৫) নামে এক কৃষককে নামিয়ে নিয়ে হত্যা করেছে বোরকা পরিহিত দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের গাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কবির বেপারী মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের হাসমত আলী বেপারীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে অটোরিকশায় করে যাচ্ছিলেন কবির। গাজিরহাট এলাকায় পৌঁছালে বোরকা পরা কয়েকজন ব্যক্তি অটোরিকশাটির গতিরোধ করেন। পরে তাকে টেনেহিঁচড়ে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

হামলাকারীরা কবিরের মৃত্যু নিশ্চিত করে মরদেহ পাশের একটি ডোবায় ফেলে যায়। ঘটনাস্থলে বোরকা ফেলে তারা দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে।

পরে স্থানীয়রা ডোবায় মরদেহ পড়ে থাকতে দেখে কাজিরহাট থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজন ও ইউপি সদস্য আবু হানিফ সরদার দাবি করেন, পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে কবিরকে হত্যা করা হয়েছে।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram