Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

মেসির দৃষ্টিনন্দন গোলের পরও শেষ মুহূর্তে মায়ামির হতাশা

মেসির দৃষ্টিনন্দন গোলের পরও শেষ মুহূর্তে মায়ামির হতাশা

অনলাইন ডেস্ক: গোল করছেন, করাচ্ছেন—তবুও মেজর লিগ সকারের (এমএলএস) চলতি আসরটা লিওনেল মেসিদের জন্য ঠিকঠাক যাচ্ছে না। মেসির দৃষ্টিনন্দন গোলে ইন্টার মায়ামি এগিয়ে গেলেও শেষটা ছিল হতাশার। যোগ করা সময়ে ন্যাশভিলের কাছে গোল হজম করে ২-২ সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

ম্যাচের ৬২তম মিনিটে বাঁ পায়ের শটে গোল করে মায়ামিকে চলতি মৌসুমে ন্যাশভিলের বিপক্ষে প্রথম জয়ের পথে এগিয়ে দিয়েছিলেন মেসি। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ন্যাশভিলকে সমতায় ফেরান স্যাম সারিজ।

এই ড্রয়ের ফলে চলতি মৌসুমে মায়ামির বিপক্ষে খেলা চার ম্যাচেই অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল ন্যাশভিল। সর্বশেষ ম্যাচের পয়েন্টে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মায়ামির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল দলটি।

ম্যাচের উল্লেখযোগ্য মুহূর্ত

ম্যাচের চতুর্থ মিনিটেই অ্যান্ডি নাজারের পাস থেকে ন্যাশভিলকে এগিয়ে দেন সারিজ। চলতি মৌসুমে এটি ছিল তার ১৪তম গোল। ১৯তম মিনিটে প্রতিপক্ষের রিড বাকের-হোয়াইটিংয়ের আত্মঘাতী গোলে সমতায় ফেরে মায়ামি। ২৭ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির নেওয়া একটি শট বাধাপ্রাপ্ত হলে প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়।

৬২ মিনিটে রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে কয়েকজন খেলোয়াড়ের মাঝ থেকে প্রথম স্পর্শেই বাঁ পায়ের বাঁকানো শটে গোল করেন মেসি। চলতি মৌসুমে এমএলএসে এটি আর্জেন্টাইন ফরোয়ার্ডের ১৯তম গোল। তবে যোগ করা সময়ে ন্যাশভিলের সমতাসূচক গোলে মায়ামির সেই স্বস্তি টেকেনি। মেসির দুটি শট গোলবারে লেগে ফিরে না এলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram